ঘরে ঘরে কীটনাশকযুক্ত মশারির ব্যবহার এবং তৃণমূল পর্যায়ে চিকিৎসাব্যবস্থার উন্নতি হওয়ায় কক্সবাজার সদর, টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া ও পেকুয়া উপজেলায় ম্যালেরিয়ার প্রকোপ কমেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। এদিকে ‘দূর হোক ম্যালেরিয়া’ প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারসহ দেশের ১৩টি জেলায় আজ রোববার বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হচ্ছে। কক্সবাজার শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পথনাটকের আয়োজন করা হয়েছে।কক্সবাজারের সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, হবিগঞ্জ, সিলেটসহ ১৩ জেলায় ম্যালেরিয়ার প্রকোপ সবচেয়ে বেশি। সরকারের স্বাস্থ্য অধিপ্তরের তত্ত্বাবধানে কয়েকটি বেসরকারি সংস্থার মাধ্যমে ২০০৭ সাল থেকে এই ১৩ জেলায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি চলছে।সূত্র জানায়, ২০০৭ সালে কক্সবাজার জেলার পাহাড়ের পাঁচটি উপজেলায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ জন। ২০০৮ সালে ৬৩ জন। ২০০৯ সালে দুজন। চলতি বছরের শেষ চার মাসে একজনও মারা যাননি।সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া জানান, লোকজনকে সচেতন করা, ঘরে ঘরে কীটনাশকযুক্ত মশারি বিতরণ ও সুষ্ঠু চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করায় মৃত্যুহার কমে এসেছে।কক্সবাজার সদর ও রামু উপজেলায় ম্যালেরিয়া প্রতিরোধে কাজ করছে বেসরকারি সংস্থা ‘মুক্তি’। মুক্তি এই দুই উপজেলায় এ পর্যন্ত বিনা মূল্যে ৬৯ হাজার দীর্ঘস্থায়ী কীটনাশকযুক্ত মশারি বিতরণ করেছে।মুক্তির ম্যালেরিয়া নিয়ন্ত্রণ প্রকল্পের কর্মকর্তা খোরশেদ আলম জানান, এই মশারির সংস্পর্শে এলে মশা মারা যায়। গর্ভবতী মা ও শিশুরা ম্যালেরিয়ায় আক্রান্ত হলে তাদের বাঁচানো কঠিন হয়ে পড়ে। তাই মশারি বিতরণে তাদের অগ্রাধিকার দেওয়া হয়।