কীটনাশকে মরছে হাঁস, কীটপতঙ্গ
জয়পুরহাটের কালাইয়ে ক্ষতিকর পোকা দমনের জন্য কৃষকেরা আমনখেতে এক ধরনের দানাদার কীটনাশক প্রয়োগ করছেন। এর বিষক্রিয়ায় হাঁস-মুরগি, পাখি ছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষাকারী সাপ, ব্যাঙ, কীটপতঙ্গ, জলজ উদ্ভিদ; এমনকি প্রকৃতির লাঙল হিসেবে পরিচিত কেঁচো মরছে। ক্ষতিকর পোকা মারতে গিয়ে নানা প্রজাতির প্রাণী ও পাখপাখালি মারা পড়ায় পরিবেশের ভারসাম্য রক্ষা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। উপজেলার ঝামুটপুর এলাকায় এক দিনেই মারা পড়েছে একটি খামারের শতাধিক হাঁস। ঝামুটপুর মাঠে কথা হয় কৃষক রহিম বাদশার সঙ্গে। তিনি বলেন, ‘আমনখেতে প্রথম দফা সার প্রয়োগের সময় ইউরিয়ার সঙ্গে দানাদার কীটনাশক দিই। পাঁচশিরা বাজারের একটি দোকান থেকে ৫-জি (গ্রাম পার ইউনিট) মাত্রার এই দানাদার কেনার সময় বলা হয়েছিল, এটি প্রয়োগে মাজরার মতো ক্ষতিকর পোকা মারা পড়বে। কিন্তু খেতে ছিটানোর পর প্রথমে মাছ, সাপ, ব্যাঙ, পানিতে বসবাসকারী পোকামাকড়—সবই মারা পড়েছে। মরা এসব প্রাণী খেয়ে মারা পড়ছে হাঁস-মুরগি ও পাখি।’ মাত্রাই গ্রামের কৃষক লজিমদ্দিন বলেন, ‘অন্যান্য বছরও খেতে দানাদার কীটনাশক ছিটানো হতো। কিন্তু তা ছিল কম মাত্রার (৩জি)। এবার বিভিন্ন দোকান থেকে ৫জি মাত্রার দানাদার বিক্রির সময় বলা হয়, এতে বেশি ফলন পাওয়া যাবে। বেশি ফলনের আশায় এই কীটনাশক ছিটিয়ে খেতের সব মাছ; এমনকি সাপ, ব্যাঙ, পোকামাকড় মরে সাবাড়। এখন কোম্পানির লোকজন বলছে, মাঠে পানি কম থাকায় এ ঘটনা ঘটছে।’ঝামুটপুর গ্রামের হাঁসের খামারি আবদুল করিম বলেন, ‘খামারে ৬০০ হাঁসের মধ্যে ১০০টি হাঁস কয়েক দিন আগে দলছুট হয়ে পার্শ্ববর্তী একটি ধানখেতে নামে। খেতে ভেসে ওঠা মরা মাছ, ব্যাঙ, পোকামাকড় খেয়ে অল্পক্ষণের মধ্যেই হাঁসগুলো জমিতে মারা পড়ে।’ হাতিয়র শাহপাড়ার সিরাজউদ্দিন জানান, দানাদার কীটনাশক দেওয়া জমিতে কয়েক দিন আগে পানি খেতে নেমে তাঁর ১২টি হাঁস মারা পড়েছে।কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, কার্বোফুরান গ্রুপের ওই দানাদার কীটনাশকটি বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়। কালাই উপজেলার কৃষি কর্মকর্তা আবদুস ছাত্তার বলেন, ‘দানাদার কীটনাশক প্রয়োগে উপকারিতা-অপকারিতা দুই-ই আছে। এলাকার কৃষকদের মধ্যে সচেতনতার অভাবে এ কীটনাশক প্রয়োগে উপকারের চেয়ে অপকারই বেশি হচ্ছে। কারণ, অনেক কৃষক দানাদারের প্রয়োগমাত্রা জানে না। প্রয়োজনের চেয়ে বেশি এবং সহনীয় মাত্রার চেয়ে বেশি দানাদার প্রয়োগ করলে ক্ষতিকর পোকার সঙ্গে কিছু উপকারী প্রাণী ও উদ্ভিদও মারা পড়তে পারে।’