কীটনাশকের বদলে ধঞ্চেগাছ
ধানখেতজুড়ে ধঞ্চেগাছ। গাছে বসেছে পাখি। সেই পাখি উড়ে উড়ে খেতের পোকা খাচ্ছে। পোকা দমনে রংপুরের মিঠাপুকুর উপজেলার ২৫ গ্রামে ২০০ পরিবারের প্রায় ৬০০ হেক্টর জমিতে লাগানো হয়েছে ধঞ্চে। আগে কৃষকেরা কীটনাশক ছিটাতেন।কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্র জানায়, ধানখেতে ধঞ্চে লাগাতে কৃষি বিভাগ কৃষকদের মধ্যে বিনা মূল্যে গাছের চারা সরবরাহ করে। আমনখেতে মাজরা, পাতা মোড়ানো, ঘাসফড়িং, চুঙ্গি, লেদাপোকার আক্রমণ দেখা দেয়। এসব পোকা ধানের ব্যাপক ক্ষতি করে। পোকা দমনে কৃষকেরা এ বছর থেকে কীটনাশক ছিটানোর বদলে ধঞ্চে রোপণ শুরু করেছেন। এ পদ্ধতি জেলার অন্য কোনো স্থানে তেমন একটা সাড়া না ফেললেও মিঠাপুকুরের পায়রাবন্দ ইউনিয়নজুড়ে এর ব্যাপকতা ছড়িয়ে পড়েছে।রংপুর কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্র আরও জানায়, এক একরের খেতে ৫০টি গাছের চারা রোপণ করলেই চলে। ধান রোপণের পাঁচ থেকে ১০ দিনের মধ্যে এই গাছ রোপণ করা হয়। ধানগাছ বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে এ গাছও বেড়ে ওঠে। পোকা দমনের এই পদ্ধতির নাম ‘লাইভ পারচিং’। গাছটির বৈজ্ঞানিক নাম সেচবানিয়া রোস্টট্রাটা। এটি আফ্রিকান জাত।মণ্ডলপাড়ার আনসার আলী জানান, এ বছর তিনি এক একর জমিতে আমন আবাদ করেছেন। তিনি বলেন, ‘এই পোকার জন্যে হামরা ধান আবাদ করিয়া শান্তিত থাইকপার পাই না। জমিত ধইঞ্চা গাছ লাগেয়া এবার খুব উপকার হইছে।’ একই গ্রামের মোজাহার আলী দেড় একর জমিতে ধান চাষ করেছেন। তিনি বলেন, ‘কৃষি কর্মকর্তারা জমিত বিনা পয়সায় এই গাছ লাগে দেছে। প্রথম প্রথম হামরা বুঝি নাই, এই গাছের কী উপকারিতা। তবে এলা বুঝতেছি। আর দুই মাস পর ধান উঠপে। কিন্তু পোকা মারার জন্যে কোনো কীটনাশক ছিটা লাগিল না।’ একই গ্রামের আবদুল গফুর বলেন, ‘প্রত্যেকবার এই ধান আবাদ করিয়া পোকা দমন নিয়া খুব চিন্তা ছিল। এবার সেটা দূর হইছে।’মিঠাপুকুর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা হামিদুর রহমান বলেন, সরকারের কৃষিবান্ধব পরিকল্পনায় এই পদ্ধতি বাস্তবায়নে কাজ করা হচ্ছে। এতে কৃষকেরা পোকার আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে।