কীটনাশকের ব্যবহারে জনস্বাস্থ্য হুমকির মুখে
কীটনাশকের ক্রমবর্ধমান ব্যবহারের ফলে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। কৃষিখেতে কীটনাশক ব্যবহারকারী কৃষকেরা ক্যানসার, কিডনি রোগসহ নানা ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। সাতক্ষীরায় বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজের (বারসিক) এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
গতকাল শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে ‘কীটনাশক ব্যবহার ও এর ক্ষতিকর প্রভাব’ শীর্ষক মিট দ্য প্রেস অ্যান্ড ডায়ালাগ অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা লোকজের নির্বাহী পরিচালক দেব প্রসাদ সরকারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবদুল বারী, জেলা নাগরিক কমিটির সভাপতি আনিছুর রহিম প্রমুখ। মাল্টিমিডিয়ার মাধ্যমে গবেষণার ফলাফল উপস্থাপন করেন বারসিক ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড স্টাডিজের শিক্ষার্থী আসাদুল ইসলাম ও শেখ তানজির আহমেদ। এতে বলা হয়, সাতক্ষীরার ৫টি উপজেলার ৬০০ কৃষকের ওপর এই গবেষণা করা হয়। এসব কৃষকের ৯৮ দশমিক ৩৪ ভাগ কীটনাশক ব্যবহার করেন। অথচ ৯০ ভাগ কৃষক কীটনাশক ব্যবহারে কোনো প্রশিক্ষণ নেননি। কীটনাশক স্প্রে করার সময় ৭৫ ভাগ কৃষকের ওপর সরাসরি ছিটকে পড়েছে এবং কৃষিখেত থেকে এক কিলোমিটারের চেয়ে কম দূরত্বে বসবাস করেন ৮৭ ভাগ কৃষক। ৫৪ ভাগ কৃষক কখনোই কীটনাশক ছিটানোর সময় প্রতিরোধমূলক পোশাক পরেন না। তাঁদের মধ্যে ৬১ দশমিক ৫৩ ভাগ কৃষক ক্যানসার, লিভারের সমস্যা, ডায়াবেটিস, শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হওয়া, কানে শোনার সমস্যা, কিডনির সমস্যাসহ নানা রোগে আক্রান্ত।
কীটনাশক ব্যবহারের যন্ত্র বা কৃষক তাঁর হাত-পা বা শরীর ধৌত করেন চাপকল, সেচনালা, পুকুর, ডোবা কিংবা নদীতে। এর মাধ্যমেও বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। এর ফলে জলজ মাছ ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে।