কীভাবে আন্দোলন করতে হয় আদিবাসী জনগণ তা জানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, ‘জাতীয় অস্তিত্ব রক্ষায় কীভাবে আন্দোলন-সংগ্রাম করতে হয়, আদিবাসী জুম্ম জনগণ তা জানে। পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কঠোর থেকে কঠোরতর করা হবে।’গতকাল শনিবার দুপুরে রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গণে হাজার হাজার আদিবাসী করতালি আর মুহুর্মুহু স্লোগানের মাধ্যমে সন্তু লারমার এ বক্তব্যের পক্ষে সমর্থন জানায়। ‘সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বাঙালি হিসেবে পরিচিতকরণ এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি ও আদিবাসীদের সংবিধানে অস্বীকৃতির প্রতিবাদে’ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এ সভার আয়োজন করে।সন্তু লারমা আরও বলেন, ১৯৭২ সালে সংবিধানে বাঙালি হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানবেন্দ্র নারায়ণ লারমা প্রতিবাদ করেছিলেন। কিন্তু পঞ্চদশ সংশোধনীতে কোনো আদিবাসী সংসদ সদস্য প্রতিবাদ করেননি। তাঁদের সেই সাহসও নেই।সন্তু লারমা পার্বত্য চট্টগ্রাম থেকে নির্বাচিত তিন সাংসদসহ বিভিন্ন জাতীয় রাজনৈতিক দলের আদিবাসী নেতা-কর্মী, পার্বত্য চুক্তিবিরোধী আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ এবং জনসংহতি সমিতির বিক্ষুব্ধ (এম এন লারমা) অংশের নেতা-কর্মীরা পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও জাতীয় অস্তিত্ব রক্ষায় কোনো ভূমিকা রাখার পরিবর্তে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন। সন্তু লারমা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘পার্বত্য চুক্তির আগে ও পার্বত্য চুক্তি স্বাক্ষরের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে আদিবাসীদের সংস্কৃতি ও ঐতিহ্য এবং মৌলিক অধিকার রক্ষাসহ অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু গত ১২ বছরেও সেসব প্রতিশ্রুতির কিছুই রক্ষা করেননি।’জনসংহতি সমিতির রাঙামাটি জেলা শাখার সভাপতি গুণেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও আঞ্চলিক পরিষদ সদস্য ঊষাতন তালুকদার, বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি উদয়ন ত্রিপুরাসহ পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের নেতারা বক্তব্য রাখেন। পরে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।