কীভাবে আসবে ভবিষ্যতের জয়নুল, সুলতান?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ‘বিকৃত’ করার মামলায় বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমানকে গতকাল বুধবার কারাগারে পাঠানোর নির্দেশে ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া হয়। ঘণ্টা দুয়ের মাথায় ইউএনও জামিনে মুক্তি পেলেও ফেসবুক ব্যবহারকারীরা এ ঘটনায় তাঁদের বিস্ময় ও হতাশার কথা প্রকাশ করেন।
মোসাম্মাৎ রুমানিয়া ফারজানা তাঁর স্ট্যাটাসে লিখেছেন, ‘একটা পাঁচ বছরের বাচ্চা এই বয়সে যে বঙ্গবন্ধুর ছবি এঁকেছে, তা এক কথায় চমৎকার। আমি তো বলব, বাচ্চাটা মন থেকেই এঁকেছে, নাহয় এত সুন্দর হতো না। এখানে বিকৃতির কী হলো বুঝলাম না। আমি গাজী তারিক সালমানকে চিনি না। তাঁর মামলা প্রত্যাহারের দাবি জানাই। শিশুদের তিনি উৎসাহিত করেছেন। কারণ, আজকের শিশুরাই তো আগামী দিনের দেশের কান্ডারি। শুধু জামিন নয়, ইউএনও গাজী তারেক সালমানের বিরুদ্ধে যে মামলা, তা প্রত্যাহার করা হোক। নাহয় এর প্রভাব পড়বে বাচ্চাদের ওপর।’
গাজী তারিক সালমানের প্রশংসা করা উচিত বলে ফারজানার স্ট্যাটাসে মন্তব্য করেন শাওন চৌধুরী। একই সঙ্গে মামলাকারী আওয়ামী লীগ নেতার সমালোচনা করেন তিনি।
মামলার বিবরণ অনুযায়ী, গাজী তারিক সালমান বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ইউএনওর দায়িত্বে থাকার সময় গত বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের একটি আমন্ত্রণপত্র প্রকাশ করেন। এই আমন্ত্রণপত্রের পেছনের পাতায় বঙ্গবন্ধুর ‘বিকৃত’ ছবি ছাপা হয়। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ওবায়েদুল্লাহ সাজু গত ৭ জুন বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতে পাঁচ কোটি টাকার মানহানির মামলা করেন।
রবিউল আলম তাঁর স্ট্যাটাসে লিখেছেন, ‘একটি শিশুর কচি হাতে আঁকা বঙ্গবন্ধুর ছবি-সংবলিত কার্ডের জন্য বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসারকে কাঠগড়ায় দাঁড়াতে হবে কেন? প্রতিবন্ধী শিশুদের আঁকা ছবি নিয়ে প্রধানমন্ত্রীও তো ঈদকার্ড করেন, নাগরিক সমাজকে শুভেচ্ছা জানান। শিশুর আঁকা ছবি তো প্রফেশনাল কিংবা প্রথিতযশা আঁকিয়েদের মতো হবে না—এটাই স্বাভাবিক। লাল-সবুজের জমিনে বঙ্গবন্ধুকে আঁকার এ প্রয়াসকে বিকৃত না বলে শিশুটি এবং কার্ড বানানোর উদ্যোগের জন্য ওই ইউএনওর বরং প্রশংসা করা উচিত, যেমনটি মাননীয় প্রধানমন্ত্রী করেন, প্রতিনিয়ত...।’
রবিউলের স্ট্যাটাসে সেলিনা আক্তার নামের একজন মন্তব্য করেছেন। এই খবরে অবাক হওয়ার কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘কী হচ্ছে এই দেশে! ইউএনওকে যথাযথ সম্মান দিয়ে পুরস্কৃত করা উচিত।’
শিল্পী প্রীতম আহমেদ তাঁর স্ট্যাটাসে লিখেছেন, ‘হোক প্রতিবাদ...হোক ভাইরাল। একটা ৫ বছরের বাচ্চা ভালোবেসে জাতির পিতার ছবি এঁকেছে। শিশুদের উৎসাহিত করতে সেই ছবি দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমন্ত্রণপত্র ছাপালে তা অপরাধ হতে পারে? আমার জানতে ইচ্ছে করে, বঙ্গবন্ধু কি তাঁর দলে এমন ধর্মবিষয়ক সম্পাদক চেয়েছিলেন? দেশ কেমনভাবে চলছে জানি না। কিন্তু এটা বুঝি, ক্ষমতার অপব্যবহারকারীদের কোনো দল নেই। আমি গাজী তারিক সালমানকে চিনি না। সে কোন আদর্শের তা-ও জানি না। তবু এই উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মানজনক মামলা প্রত্যাহার চাই।’
প্রীতমের স্ট্যাটাসে অনেকেই মন্তব্য করেছেন। তাঁদের একজন তৌফিক মিঠুন। তাঁর মন্তব্যের অংশবিশেষ এমন: ‘সত্যিই যে দেশে গুণীর কদর নেই, সেখানে গুণী জন্মাবে কীভাবে? কীভাবে আসবে ভবিষ্যতের জয়নুল, সুলতান?’
একই স্ট্যাটাসে হুমায়ূন কবির লিখেছেন, ‘গাজী তারেক অন্যায় কিছু করেছেন বলে মনে হয় না আমার। বরং তাঁর প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল।’
রাশাত রহমান জিকুর স্ট্যাটাসের অংশবিশেষ এমন: ‘ক্লাস ফাইভের বাচ্চা বঙ্গবন্ধুর ছবি এঁকেছে, বাচ্চাকে উৎসাহ দিতে গিয়ে সেই ছবি কার্ডে ছাপিয়েছেন ইউএনও, সে জন্য যাওয়া লাগছে জেলে! কী অবস্থারে বাবা!’
কাজী সালমা সুলতানা তাঁর স্ট্যাটাসে লিখেছেন, ‘শিশুর আঁকা ছবি নিয়ে যে মামলা করে, তাঁর জন্য ঘৃণা।’
সুলতানার স্ট্যাটাসে আহসান হাবিব শামিমের মন্তব্য, ‘বাচ্চারা কি শিল্পী শাহাবুদ্দিনের মতো আঁকতে পারবে? যত্ত সব দলীয় উকিল!’
(গ্রন্থনা: সাইফুল সামিন)
[ফেসবুক ব্যবহারকারীদের মন্তব্যে বানান, ব্যাকরণ ও ভাষারীতিগত পরিমার্জন আনা হয়েছে। ]