কীভাবে এ শোক সইবেন আঁখি!
টানা প্রায় আট বছর সৌদি আরব থাকার পর ছয় মাস আগে ছুটি নিয়ে দেশে এসেছিলেন আফাজউদ্দিন। দেশে এসে তিনি বিয়ে করেন। তিন মাস আগে ফিরে যান সৌদি আরবের কর্মস্থলে। এরই মধ্যে গত শুক্রবার সকালে মুঠোফোনে খবর আসে তিনি বোমা হামলায় মারা গেছেন।
ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি আরবের আসির প্রদেশের একটি মসজিদে গত বৃহস্পতিবার আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিহত হন লক্ষ্মীপুরের আফাজউদ্দিন।
আফাজের মৃত্যুর খবর আসার পর থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার চরভূতা গ্রামে তাঁর বাড়িতে চলছে শোকের মাতম। আফাজের ছবি বুকে নিয়ে বিলাপ করতে করতে বারবার জ্ঞান হারাচ্ছেন মা রাজিয়া খাতুন, বাবা নূরনবী ও নববধূ আঁখি আক্তার। তাঁরাসহ স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
পরিবারের সদস্যরা জানান, ২০০৮ সালে জমিজমা বিক্রি করে সৌদি আরব যান আফাজ উদ্দিন। সম্প্রতি ছুটি নিয়ে দেশে এসে বিয়ে করেন পাশের চরমনসা গ্রামের আঁখি আক্তারকে। তিন মাস আগে বাড়ি থেকে সৌদি আরবের কর্মস্থলে ফিরে যান। শুক্রবার স্বামীর মৃত্যুর খবর পেয়ে বারবার মূর্ছা যাচ্ছেন আঁখি আক্তার।
পাঁচ ভাইয়ের মধ্যে আফাজউদ্দিন ছিলেন তৃতীয়। তাঁদের এক বোনও আছেন।
আফাজের মৃত্যুর খবরে শুক্রবার সকাল থেকে তাঁদের বাড়িতে ভিড় করছেন শত শত লোক। এলাকাবাসী জানান, আফাজউদ্দিনের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না।
আফাজউদ্দিনের পরিবারের সদস্যরা জানান, আফাজকে হারিয়ে তাঁরা এখন নিঃস্ব। এখন কী হবে পরিবারের। কে ধরবে সংসারের হাল।