কীভাবে কঠোরভাবে দমন করা যায়, সেটা জানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলকে জ্বালাও-পোড়াও কর্মসূচি বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তা না হলে ‘কীভাবে কঠোরভাবে দমন করা যায়, সেটা আমরা জানি’ বলে হুঁশিয়ার করেছেন তিনি। গতকাল শনিবার গণভবনে চাঁপাইনবাবগঞ্জ জেলার তৃণমূল নেতাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। একই সঙ্গে তিনি বিরোধীদলীয় নেত্রীকে ‘শুধু সদস্যপদ রক্ষার জন্য জাতীয় সংসদে একবার এসে উঁকি দিয়ে’ আবার চলে না যাওয়ার অনুরোধ করেন।মতবিনিময় সভায় তৃণমূল নেতারা অভিযোগ করেন, দলের চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক এলাকায় সময় দেন না। সাংগঠনিক দুর্বলতার কারণে জামায়াতের আক্রমণে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অনেকেই এলাকা ছাড়া। এলাকায় সময় দেওয়ার জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে এক মাসের ছুটি দিতে প্রধানমন্ত্রীর প্রতি তৃণমূল নেতারা অনুরোধ জানান। শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের জেলার সভাপতি বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক এলাকায় যান না। তাঁকে দেশে-বিদেশে ব্যস্ত থাকতে হয়। সে জন্য প্রধানমন্ত্রীকে বলেছি, প্রতিমন্ত্রীকে যেন এক মাসের ছুটি দেওয়া হয়। এই এক মাস তিনি এলাকায় সংগঠনের জন্য কাজ করবেন। তাতে কর্মীরা সাহস পাবেন, সংগঠনও শক্তিশালী হবে।’বিরোধী দলকে সংসদে থাকার অনুরোধ জানিয়ে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ‘আজ পত্রিকায় দেখলাম, আর মাত্র সাত দিন সংসদে অনুপস্থিত থাকলে, অর্থাৎ ৯০ দিন হয়ে গেলে তাঁদের সদস্যপদ থাকবে না। আমি অনুরোধ করব, তাঁরা যেন সংসদে এসে আলোচনা করেন। শুধু সদস্যপদ রক্ষার জন্য একবার এসে উঁকি দিয়ে যেন চলে না যান।’বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বললাম, আপনাদের যা কিছু বলার, তা নিয়ে সংলাপ বা আলোচনা করেন। সংসদে এসে আলোচনা করেন। আমি উনাকে ডাকলাম আলোচনায়। উনি আমাকে দিলেন থ্রেট। ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন। মাদ্রাসার বাচ্চা বাচ্চা ছেলেদের ডেকে এনে বসালেন।... বললেন, পালাবার নাকি পথ পাব না। পথ আমরা পাব না, নাকি উনি পাচ্ছেন না।’প্রধানমন্ত্রী বলেন, অন্যান্য দেশের সংসদীয় গণতন্ত্রে যেভাবে নির্বাচন হয়, এ দেশেও নির্বাচন সেভাবে হবে। বিরোধী দলের যদি কিছু বলার থাকে, সংসদে এসে বলুক। সরকার সেটা বিবেচনা করে দেখবে। তিনি বলেন, ‘মানুষ হত্যা, গাড়ি পোড়ানো, মানুষ পুড়িয়ে হত্যা, বিদ্যুৎ কেন্দ্র জ্বালিয়ে দেওয়া—এসব বন্ধ করতে হবে। আর যদি এসব বন্ধ না করেন, তবে কীভাবে কঠোরভাবে দমন করা যায়, সেটা আমরা জানি।’মতবিনিময় সভায় আওয়ামী লীগের এনামুল হক ও সাধারণ সম্পাদক মইন উদ্দীন মণ্ডল উপস্থিত ছিলেন। এ ছাড়া শিবগঞ্জের মির্জা শাহাদাত হোসেন খুররম, নাচোলের আবদুল কাদের, ভোলাহাটের ওয়াজেদ আলী, গোমস্তাপুরের গোলাম মোস্তফা প্রমুখ বক্তব্য দেন। এ সময় কেন্দ্রীয় নেতাদের মধ্যে সতীশচন্দ্র রায়, আব্দুল লতিফ বিশ্বাস, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আলাউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।