চাঁপাইনবাবগঞ্জের কানসাটে গতকাল মঙ্গলবার পেট্রলবোমা হামলায় নিহত কাভার্ড ভ্যানচালক এমরান হোসেন শিপনের (৩০) পরিবারে চলছে শোকের মাতম। এমন নৃশংস মৃত্যুর খবরে শিপনের জন্মস্থান ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষীয়া গ্রামেও নেমে এসেছে শোকের ছায়া।
স্বামীর অকাল মৃত্যুর খবর শুনেই সকাল থেকে আর্তনাদ করে চলেছেন স্ত্রী শাহনাজ বেগম। সংসারের একমাত্র উপার্জনকারী স্বামীকে হারিয়ে দুই শিশুসন্তান নিয়ে দিশেহারা ও পাগলপ্রায় তিনি। আর আদরের সন্তানের মৃত্যুতে হতবিহ্বল বাবা আবদুল মান্নান ও মা ফরিদা বেগম। ফরিদা বেগম চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে পড়ছেন। জ্ঞান ফিরলেই শিপনের নাম ধরে শুরু করছেন বিলাপ।
গতকাল সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বাঁশপট্টি এলাকায় দুর্বৃত্তদের নিক্ষেপ করা পেট্রলবোমায় দগ্ধ হয়ে মারা যান শিপন। এ খবর বাড়িতে পৌঁছাতে দেরি হয়নি। সঙ্গে সঙ্গেই বাড়িতে ছুটে আসেন গ্রামবাসী ও আত্মীয়স্বজন।
স্বজনেরা জানান, স্ত্রী শাহনাজ বেগম ছয় বছরের মেয়ে সিনথিয়া ও চার মাসের ছেলে আমানকে নিয়ে ঢাকায় থাকতেন শিপন। রাজনৈতিক অস্থিরতায় আয় কমে যাওয়ায় মাস খানেক আগে স্ত্রী-সন্তান গ্রামের বাড়িতে রেখে আসেন। মেয়েকে ভর্তি করে দেন বাড়ির পাশের প্রাইমারি স্কুলে।
বড় ভাই আক্তার হোসেন জানান, ভাইদের মধ্যে শিপন মেজ। কাভার্ড ভ্যানে দুদিন আগে ঢাকা থেকে মালামাল নিয়ে যশোরের বেনাপোল যান তিনি। সেখান থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে পেট্রলবোমা হামলার শিকার হন। কিছুদিনের মধ্যেই বাড়ি ফেরার কথা ছিল তাঁর। সেই ফিরল, কিন্তু লাশ হয়ে!
স্ত্রী শাহনাজ বেগম বলেন, ‘স্বামীর ইচ্ছা ছিল সন্তানদের সুশিক্ষিত করার। এ কাজ এখন কে করবে? সংসার চলবে কীভাবে, তা-ও জানা নাই। গতকাল রাতেও (সোমবার) সে বলছিল, শিগগিরই বাড়ি ফিরবে। ঢাকা থেকে বাড়িতে রেখে যাবার সময় বলছিল, আয় কমে যাওয়ায় তিন বছর বাড়িতে থাকতে। ছেলের স্কুলে যাওয়ার বয়স হলে আবার ঢাকায় নিয়ে যাবে।’