কীভাবে পদে আছেন আইসিডিডিআরবির মানবসম্পদ পরিচালক?
আইসিডিডিআরবির মানবসম্পদ পরিচালক মিস ক্রিস্টিন ডেনহী কোন কর্তৃত্ববলে তাঁর পদে বহাল আছেন এবং কেন তাঁকে ওই পদ ছেড়ে দেওয়ার জন্য বলা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আইসিডিডিআরবির কর্মী মঙ্গল সংস্থার সভাপতি আজহারুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ গত ৬ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে আজ এই আদেশ দেওয়া হয় বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী ড. শাহদীন মালিক।
শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, আইসিডিডিআরবির মানবসম্পদ পরিচালক মিস ক্রিস্টিন ডেনহী কোনো কর্তৃত্ববলে তাঁর পদে বহাল আছেন তা জানতে চেয়ে এ রিট পিটিশনটি করা হয়। শুনানির সময় আদালতকে বলেছি, গত বছরের ২৮ মে আইসিডিডিআরবি কর্তৃপক্ষ মানবসম্পদ পরিচালক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এ পদে আবেদন করার জন্য ব্যাচেলর ডিগ্রি (স্নাতক) থাকতে হবে। সঙ্গে স্নাতকোত্তর থাকলে ভালো। কিন্তু ওই দিনই আবার দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিতে ব্যাচেলর ডিগ্রি উপেক্ষা করে শুধু মাস্টার্স ডিগ্রি থাকার বিষয়টি উল্লেখ করা হয়। ওই পদে নিয়োগের জন্য আবেদনের শেষ সময় ছিল ওই বছরের ৩১ আগস্ট। কিন্তু মিস ক্রিস্টিন ডেনহীকে ২৮ আগস্ট নিয়োগ দেয় আইসিডিডিআরবি কর্তৃপক্ষ। ওই দিন পর্যন্ত ৮১ জন ব্যক্তি ওই পদের জন্য আবেদন করেছিলেন। কিন্তু যাচাই-বাছাই ছাড়াই ৩১ আগস্টের আগেই নিয়োগ পান তিনি। এ ক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটেছে।
রিটকারীদের আইনজীবী আরও বলেন, আইসিডিডিআরবির চাকরি বিধিমালাতে বলা আছে, ১৮ থেকে ৫৮ বছর বয়সী ব্যক্তিরা আইসিডিডিআরবির চাকরি করতে পারবেন। কিন্তু মিস ক্রিস্টিন ডেনহীকে যখন নিয়োগ দেওয়া হয়েছে তাঁর বয়স ছিল ৫৯ বছর। এ ক্ষেত্রে শর্ত লঙ্ঘিত হয়েছে।