কীভাবে প্রতিহত করতে হয় তা দেখিয়ে দেব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন নির্দলীয় সরকারপদ্ধতি পুনর্বহালের দাবি পুনর্ব্যক্ত করে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ‘সরকারকে আমরা ২৫ অক্টোবর পর্যন্ত সময় দিচ্ছি। আমরা দেখব সংবিধান সংশোধন করে কি না। সংবিধান সংশোধন না করে একতরফা নির্বাচন করলে কীভাবে তা প্রতিহত করতে হয়, আমরা দেখিয়ে দেব।’
গতকাল মঙ্গলবার রাতে গুলশান কার্যালয়ে রংপুর বিভাগের আট জেলার বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে বিএনপির চেয়ারপারসন এসব কথা বলেন। 
খালেদা জিয়া বলেন, এই সরকারের অত্যাচার মানুষের দুঃসহনীয় পর্যায়ে চলে গেছে। মানুষ আশ্রয় খুঁজছে। মানুষ বিএনপিকে আশ্রয়স্থল মনে করছে। জনগণকে নিয়ে বিএনপি আন্দোলনের জন্য প্রস্তুত আছে। তিনি বলেন, ‘গরম কর্মসূচি দেখলে এই সরকারের মাথা গরম হয়ে যায়, মামলা-হামলা শুরু করে। কিন্তু তারা ভুলে যাচ্ছে, বিএনপির সঙ্গে মানুষ সম্পৃক্ত হচ্ছে, এই সম্পৃক্ততা আরও বাড়বে। সরকার একতরফা নির্বাচন করতে চায়, কিন্তু এই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না।’
খালেদা জিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী সংবিধান মানলে আমাদের সময় কেন সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানকে মানেননি? এখন কেন শেখ হাসিনাকে মানতে হবে? এটি মানা যায় না। আওয়ামী লীগ ও শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। হাসিনাকে যেতে হবে। তত্ত্বাবধায়কের দাবি গণদাবি, এ দাবি সরকারকে মানতে হবে।’
খালেদা জিয়া বর্তমান নির্বাচন কমিশনকে সরকারের ‘পুরোপুরি আজ্ঞাবহ’ ও ভোটার তালিকায় অনিয়ম ও গন্ডগোল আছে বলে দাবি করেন। তিনি বলেন, এই ভোটার তালিকায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।