কীভাবে ভুয়া জাতীয় পরিচয়পত্র হলো, তদন্তে সংসদীয় উপকমিটি
৫৩ হাজার ভুয়া জাতীয় পরিচয়পত্র কীভাবে তৈরি হলো, তা তদন্তে সংসদীয় উপকমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে কমিটির সদস্য মোস্তফা লুত্ফুল্লাহ সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে কমিটির আগামী বৈঠকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে আহ্বায়ক ও আবদুর রহমানকে সদস্য করে উপকমিটি গঠন করা হয়েছে।
রাজধানীর ধোলাইরপাড় ও গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গতকাল শনিবার ৫৩ হাজার ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ দুজনকে আটক করে পুলিশ।
বৈঠকে জনপ্রশাসনে কর্মরত কর্মকর্তাদের যুগোপযোগী প্রশিক্ষণ দেওয়ার জন্য বরাদ্দ বাড়ানোর সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ বি এম ফজলে করিম চৌধুরী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, আবদুর রহমান, সুকুমার রঞ্জন ঘোষ, মোহাম্মদ আবদুল্লাহ, মোস্তফা লুত্ফুল্লাহ ও আমিনা আহমেদ অংশ নেন। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক।