কীর্তনখোলার তীরের ২১১ অবৈধ স্থাপনা অপসারণে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নগরের স্টেডিয়াম–সংলগ্ন কীর্তনখোলা নদীর তীর এভাবেই দখল হয়ে গড়ে উঠেছে বসতি। গতকাল বিকেলে ছবিটি তুলেছেন সাইয়ান
বরিশাল নগরের স্টেডিয়াম–সংলগ্ন কীর্তনখোলা নদীর তীর এভাবেই দখল হয়ে গড়ে উঠেছে বসতি। গতকাল বিকেলে ছবিটি তুলেছেন সাইয়ান

বরিশালের কীর্তনখোলা নদীর তীরে থাকা ২১১টি অবৈধ স্থাপনা ৬০ দিনের মধ্যে অপসারণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল পুরবী রানী শর্মা।
পরে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আগামী ১৩ নভেম্বরের মধ্যে আদালতে দাখিল করতে বরিশালের জেলা প্রশাসককে নির্দেশ দিয়ে ওই দিন পরবর্তী আদেশের জন্য রেখেছেন আদালত।
সংবাদপত্রে আসা প্রতিবেদন যুক্ত করে কীর্তনখোলা নদী রক্ষায় নির্দেশনা চেয়ে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ২০১২ সালে একটি রিট আবেদন করে। এই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৬ মার্চ হাইকোর্ট রুলসহ অন্তবর্তীকালীন আদেশ দেন। রুলে নদী রক্ষায় কেন নির্দেশ দেওয়া হবে না এবং নদীর তীরে থাকা অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। এরপর গত বছরের ৯ এপ্রিল হাইকোর্ট এক আদেশে জরিপ করে নদীর তীরে থাকা অবৈধ স্থাপনার তালিকা করে আদালতে দাখিল করতে বরিশালের জেলা প্রশাসককে নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় জেলা প্রশাসন ৯ আগস্ট ওই তালিকা হলফনামা করে আদালতে দাখিল করে। এর ওপর শুনানি নিয়ে গতকাল আদালত আদেশ দেন।