কীর্তনখোলার দখল দূষণ বন্ধের দাবি
বরিশালের কীর্তনখোলা নদীসহ নগরের সব নদী-খাল দখল ও দূষণ বন্ধের দাবি জানিয়েছে নদী রক্ষা সম্মিলিত উদ্যাপন পর্ষদ। একই সঙ্গে তারা দখল-দূষণ প্রতিরোধে সাধারণ নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানায়।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় নগরের বিএনডিএন মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওই দাবি জানানো হয়। আন্তর্জাতিক নদী রক্ষা দিবস উপলক্ষে সম্মিলিত উদ্যাপন পর্ষদ ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয় দখল, দূষণ ও ভরাটের কারণে বরিশালের অধিকাংশ নদী নাব্যতা হারিয়ে ফেলেছে। কারখানার অপরিশোধিত বর্জ্য কীর্তনখোলার পানিকে দূষিত করে ফেলছে। সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ না নেওয়ায় নগরের অধিকাংশ খাল ভরাট হয়ে গেছে। অবশিষ্ট খালগুলো জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এ ছাড়া কীর্তনখোলার সঙ্গে যুক্ত দক্ষিণাঞ্চলের নদী-খাল, জলাশয়গুলোও ধ্বংসের মুখে রয়েছে। নদীর পাড়ে ইটভাটা, অ্যালুমিনিয়াম কারখানা, সিমেন্ট, টেক্সটাইল ও ওষুধ শিল্পপ্রতিষ্ঠান, তেল ডিপো স্থাপন করায় এর রাসায়নিক দ্রব্য পানির সঙ্গে মিশে পানি দূষিত হচ্ছে। নদী-খাল সংরক্ষণ, সংস্কারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাই দখল-দূষণ প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলা দরকার।
সংবাদ সম্মেলন থেকে নদী রক্ষায় আঞ্চলিক ১৪টি দাবি তুলে ধরা হয়। একই সঙ্গে পরিবেশবান্ধব নদী নীতি, শক্তিশালী নদী আইন ও নির্বাহী ক্ষমতাসম্পন্ন নদী কমিশন, জাতিসংঘ নদীপ্রবাহ আইনভিত্তিক আঞ্চলিক সমন্বিত নদী ব্যবহার পরিকল্পনার বাস্তবায়নেরও দাবি করা হয় সংবাদ সম্মেলন থেকে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আন্তর্জাতিক নদী রক্ষা দিবস সম্মিলিত উদ্যাপন পর্ষদের আহ্বায়ক রফিকুল আলম। দাবিগুলো তুলে ধরেন কমিটির সদস্য আইনজীবী হিরণ কুমার দাস।