কীর্তনখোলার ভাঙনে বিলীন হচ্ছে চরবাড়িয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ ভেঙে যাওয়া ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। কেউ বাগানের গাছ কেটে নিয়ে যাচ্ছেন। কেউবা বসতবাড়ি হারিয়ে বিলাপ করছেন। এই চিত্র কীর্তনখোলার ভাঙনের কবলে পড়া বরিশালের সদর উপজেলার চরবাড়িয়া এলাকার।
এক সপ্তাহ ধরে কীর্তনখোলা ভাঙনে চরবাড়িয়ার সড়ক ও বসতবাড়ি বিলীন হচ্ছে। সহায়সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে বাস করছে বহু মানুষ। তাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডকে বারবার বলা হলেও তারা ভাঙন ঠেকাতে কোনো উদ্যোগ নেয়নি।
গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, চরবাড়িয়া এলাকার বড় একটা অংশ কীর্তনখোলা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। নদীর মধ্যে নারকেলগাছের মাথা জেগে আছে। স্থানীয় লোকজন নিজেদের মতো করে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছেন। অনেকেই বসতঘর অন্যত্র সরিয়ে নিচ্ছেন।
চরবাড়িয়া এলাকার রিজিয়া বেগম দূরে নদীর মধ্যে জেগে থাকা নারকেলগাছ দেখিয়ে বলেন, ‘ওইখানেই আমার ঘর ছিল। পাকা রাস্তা ভেঙে গেছে, বাগানবাড়ি—সব গেছে। কিছুই রক্ষা করতে পারিনি।’
মমতাজ বেগম বিলাপ করে বলেন, ‘দুইটা মুরগির খামার, একটা গরুর খামার, দালানসহ কয়েক একর সম্পত্তি নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের কাছে ধরনা দিয়েও কাজ হয়নি।’
৭০ বছরের বৃদ্ধা ঘরের ভিটির ওপর থেকে কাঠ সরাচ্ছিলেন। তিনি বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের লোকেরা আয় আর আশা দেয়, ভাঙন থেকে মোগো রক্ষা করে না।’
সেলিম হাওলাদার বলেন, ‘আমার জমিতে যে পরিমাণ ধান হতো। নিজের খোরাক রাখার পরও বিক্রি করতাম। এখন তো কিছুই নাই, ভিক্ষুক হইয়া গেলাম। এক বছর ধরে ভাঙনে ধানি জমিসহ বসতবাড়ি—সব গেছে।’
পাকা সড়ক ভেঙে যাওয়ার পর পাশে কাঁচা রাস্তা সংস্কার করছেন স্থানীয় বাসিন্দারা। সেখানে মো. ওয়াসিম চাপরাসী বলেন, তিন-চার মাস আগে এ রাস্তা পাকা করা হয়েছিল। এক সপ্তাহের ভাঙনে প্রায় এক কিলোমিটার বিলীন হয়ে গেছে।
মোহাম্মদ আলী খান বলেন, গত বছর ১০০ থেকে ১৫০টি বাড়িঘর ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। এ বছর রাস্তাসহ ৫০-৬০টি বাড়ি ভেঙেছে। এভাবে ভাঙতে থাকলে চরবাড়িয়ার পাশে লামছরি গ্রামটি ঝুনাহার ও আড়িয়াল খাঁ নদে বিলীন হয়ে যাবে।
বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি সাইদুর রহমান অভিযোগ করেন, বহুবার পানি উন্নয়ন বোর্ড, মন্ত্রীকে এনে দেখানো হয়েছে। কিন্তু ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ঝুঁকির মুখে আছে সরকারি ও বেসরকারি কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান, লামছরি চারণ দার্শনিক আরজ আলী মাতুব্বরের পাঠাগার ও বসতবাড়ি।
পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. জহিরউদ্দিন বলেন, চরবাড়িয়া এলাকার ভাঙন ঠেকাতে গত বছর ২৩ কোটি টাকার একটি প্রকল্প জমা দেওয়া হয়েছিল। তীব্র ভাঙন প্রতিরোধে যে পরিমাণ অর্থের প্রয়োজন, তা বরাদ্দ পাওয়া যায়নি। মাত্র তিন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ওই অর্থ দিয়ে দ্রুত ভাঙন প্রতিরোধের কাজ শুরু করা হবে।