কীর্তনখোলার 'অবৈধ' স্থাপনা আবারও উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কীর্তনখোলা নদীর তীরের একই জায়গার ‘অবৈধ’ স্থাপনা গতকাল সোমবার দ্বিতীয় দফায় উচ্ছেদ করেছে বরিশাল সিটি করপোরেশন। এ সময় দখলদার ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) লোকজনের তোপের মুখে পড়েন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তারা। ওই জমিটি নিয়ে বরিশাল সিটি করপোরেশন ও বিআইডব্লিউটিএর মধ্যে মামলা চলছে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস বলেন, নৌবন্দর-সংলগ্ন সিটি করপোরেশনের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে একটি পক্ষ। এতে বিআইডব্লিউটিএ সংশ্লিষ্ট লোকজন সহযোগিতা করেন। গতকাল দ্বিতীয় দফায় ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় দখলদার ও বিআইডব্লিউটিএ সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে বাগ্বিতণ্ডা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
নিখিল চন্দ্র দাস জানান, বিআইডব্লিউটিএর সঙ্গে ওই সম্পত্তি নিয়ে মামলা চলছে। করপোরেশনের পক্ষে রায় পাওয়ার পর বিআইডব্লিউটিএ আপিল করে। মামলা নিষ্পত্তির আগে সেখানে স্থাপনা নির্মাণ করা অবৈধ।
বরিশাল সিটি করপোরেশনের হাটবাজার শাখার সুপারভাইজার নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, ওই জমি বরিশাল সিটি করপোরেশনের দখলে রয়েছে। অবৈধভাবে সেখানে একটি মহল স্থাপনা নির্মাণ করে।
বিআইডব্লিউটিএর বরিশাল বন্দর কর্মকর্তা না থাকায় নৌনিরাপত্তা বিভাগের উপপরিচালক আবুল বাসার বলেন, সিটি করপোরেশন কোনো ধরনের নোটিশ ছাড়া উচ্ছেদ চালিয়েছে। আদালতে মামলা চলা অবস্থায় উচ্ছেদ চালানো বৈধ নয়।
বেলা তিনটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করার পর সাংসদ জেবুন্নেছা আফরোজ সাংবাদিকদের জানান, জমি দখল করে দখলদারেরা অপরাধ করেছে, এটা ঠিক। কিন্তু তাদের কোনো প্রকার নোটিশ না দিয়ে স্থাপনা ভেঙে ফেলাটাও সঠিক হয়নি।