কীর্তনখোলায় লঞ্চ-স্টিমার সংঘর্ষে পাঁচ প্রাণহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকায় গতকাল লঞ্চের ধাক্কায় ক্ষতিগ্রস্ত স্টিমার পিএস মাহসুদ l ছবি: প্রথম আলো
বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকায় গতকাল লঞ্চের ধাক্কায় ক্ষতিগ্রস্ত স্টিমার পিএস মাহসুদ l ছবি: প্রথম আলো

বরিশালে কীর্তনখোলা নদীতে লঞ্চ ও স্টিমারের মুখোমুখি সংঘর্ষে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোর চারটার দিকে পিএস মাহসুদ নামের স্টিমারের সঙ্গে সুরভী-৭ লঞ্চের এ সংঘর্ষের ঘটনায় ছয় যাত্রী আহত হন।
দুর্ঘটনায় মারা যাওয়া দুজনের পরিচয় মিলেছে। একজন খুলনার মোড়লগঞ্জের সীমা আক্তার (২০)। অন্যজন বরিশাল নগরের কাউনিয়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জামাল উদ্দিনের মেয়ে তামান্না (১২)।
স্টিমারের মাস্টার জয়নাল আবেদীন জানান, রোববার সন্ধ্যায় যাত্রী নিয়ে স্টিমারটি ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। আর সুরভী-৭ লঞ্চটি বরিশাল থেকে ঢাকায় যাচ্ছিল। সোমবার ভোরে কীর্তনখোলা নদীর চরবাড়িয়া এলাকায় পৌঁছার পর লঞ্চটি একটানা হর্ন দিতে থাকে। নৌ আইন অনুযায়ী, একটানা হর্ন দিতে থাকলে নৌযানগুলোকে যে যার ডান দিক থেকে চলতে হয়। সেই হিসেবে স্টিমারটি ডান দিকে নিয়ে যাওয়া হলেও লঞ্চটি দিক পরিবর্তন করেনি। এতে দুটির মধ্যে সংঘর্ষ হয়। এতে স্টিমারের বাম দিকের প্যাডেল (পাখা) ভেঙে চারটি কেবিন ক্ষতিগ্রস্ত হয়। সঙ্গে সঙ্গে স্টিমারটি বিকল হয়ে যায়। তিনি বলেন, নিহত পাঁচ যাত্রী এই চারটি কেবিনে ছিলেন। নিহত এক নারী ও দুই পুরুষের পরিচয় পাওয়া যায়নি।
বরিশাল বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক আবুল কালাম জানান, স্টিমার পিএস মাহসুদে ছয় শতাধিক যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ উদ্ধার অভিযান শুরু করে। সকালে ক্ষতিগ্রস্ত কেবিনগুলো কেটে পাঁচ যাত্রীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ছয় যাত্রী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহাজে থাকা অন্য যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে
বিআইডব্লিউটিএ বরিশাল কার্যালয়ের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক এবং নৌবন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, সুরভী-৭ লঞ্চটি নৌ সতর্কসংকেত (সিগন্যাল) না মানার কারণেই দুর্ঘটনা ঘটেছে। স্টিমারটিকে টাগবোটের সাহায্যে টেনে বরিশাল নৌবন্দরে আনা হয়েছে। সুরভী-৭ লঞ্চের চলাচলের অনুমতি সাময়িক বাতিল করা হয়েছে। এ ছাড়া নৌ আইনে মামলা করা হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. আওলাদ হোসেন বলেন, বাকি তিনজনের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য তাঁদের মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান প্রথম আলোকে বলেন, নিহতদের পরিবারকে ২০ হাজার এবং আহতদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়া আহত ব্যক্তিদের চিকিৎসার খোঁজখবর রাখা হচ্ছে।