কীর্তনখোলা তীরের ৫১৭টি অবৈধ স্থাপনার তালিকা, উচ্ছেদ শুরু ৩ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নদীবন্দরের দুই দিকে ৫১৭টি অবৈধ স্থাপনার তালিকা তৈরি করেছে বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন। উচ্চ আদালতের নির্দেশনার পর তারা আলাদাভাবে এই তালিকা করেছে। ৩ ডিসেম্বর থেকে যৌথভাবে এসব স্থাপনা উচ্ছেদ শুরু করবে দুই কর্তৃপক্ষ।
গত এপ্রিলে কীর্তনখোলা নদী দখল করে শহর রক্ষা বাঁধের কাজ শুরু করে বরিশাল সিটি করপোরেশন। তখন নদী দখল করে বাঁধ নির্মাণ বন্ধে উচ্চ আদালত নিষেধাজ্ঞা জারি করেন। একই সঙ্গে নদীর তীর থেকে অবৈধ স্থাপনা অপসারণেও নির্দেশ দেন আদালত। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন থেকে অবৈধ স্থাপনার একটি তালিকা তৈরি করা হয়।
এর আগে গত বছর উচ্চ আদালত আরও একটি নির্দেশনা দেন। ওই নির্দেশনার পর বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন অবৈধ স্থাপনার আলাদা তালিকা তৈরি করে। দুই তালিকাতে থাকা ৫১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথভাবে কাজ শুরু করবে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ।
বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী এ জেড এম শাহনেওয়াজ কবির বলেন, ১৯৬০ সালে নৌবন্দর প্রতিষ্ঠার জন্য কীর্তনখোলা নদীর তীরের ৩৬ দশমিক ৮০ একর জমি বিআইডব্লিউটিএর অনুকূলে হস্তান্তর করে জেলা প্রশাসন। কিন্তু ৫৬ বছরেও সীমানা নির্ধারণ করা সম্ভব হয়নি। এর ফলে অধিকাংশ সম্পত্তি নামে-বেনামে দখল করে নেন প্রভাবশালীরা। নৌবন্দরের উত্তর দিকে জেল খালসহ রসুলপুর এলাকায় ২৮ একরের মধ্যে ২০ একর বেদখল হয়ে আছে।
বরিশাল নদী-খাল বাঁচাও আন্দোলনের সদস্যসচিব কাজী এনায়েত হোসেন বলেন, এভাবে কীর্তনখোলা নদী দখলে অনেক সময় প্রশাসন উৎসাহ জুগিয়েছে। সর্বশেষ সিটি করপোরেশন কীর্তনখোলা দখল করে শহর রক্ষা বাঁধ নির্মাণ শুরু করে। এর পরিপ্রেক্ষিতে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে উচ্চ আদালতে রিট করে। গত ২৭ এপ্রিল আদালত নদী দখল করে বাঁধ নির্মাণ বন্ধের নির্দেশ দেন।
যোগাযোগ করলে বিআইডব্লিউটিএ বরিশালের যুগ্ম পরিচালক ও বন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, কীর্তনখোলা নদীর তীর দখলমুক্ত করার জন্য ঢাকায় প্রশাসনিক অনুমোদন চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। ১৪ নভেম্বর ঢাকা থেকে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। ৩ ডিসেম্বর জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালিত হবে।
এ ব্যাপারে জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান বলেন, ‘দখলদারদের উচ্ছেদে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের সঙ্গে কথা বলে বাজেট চাওয়া হয়েছিল। বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা উচ্ছেদ অভিযানের প্রস্তুতি নিয়েছি। ৩ ডিসেম্বর শুরু হলেও উচ্ছেদ অভিযান অব্যাহতভাবে চলবে।’