কীর্তনখোলার ভাঙন প্রতিরোধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ভাঙন প্রতিরোধের দাবিতে গতকাল শুক্রবার কীর্তনখোলা নদীর পাড়ে কয়েক হাজার মানুষ প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছেন। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘আমরা বাঁচতে চাই’ শিরোনামে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, প্রতিবছর কীর্তনখোলার ভাঙনে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাধারণ মানুষ সর্বহারা হয়ে গেছে। অব্যাহত ভাঙন প্রতিরোধে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। সরকারের কাছে আবেদন-নিবেদন করেও এর কোনো সুরাহা হয়নি। ইতিমধ্যে চরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এবং বরিশালের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কটি ভাঙনের হুমকিতে পড়েছে। তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে চরবাড়িয়া ইউনিয়নই বিলীন হয়ে যাবে।
কীর্তনখোলা নদীভাঙন প্রতিরোধে গঠিত কমিটির আহ্বায়ক জালাল আহমেঞ্চদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউল ইসলাম, সদস্যসচিব আইউব হোসেন, ইউপি সদস্য আলমগীর হোসেন ও জাকির হোসেন, সংরক্ষিত নারী সদস্য হাসিনা বেগম, পারুল বেগম প্রমুখ।
ভাঙন প্রতিরোধ কমিটির সদস্যসচিব মো. আইউব হোসেন প্রথম আলোকে বলেন, ‘চরবাড়িয়া ইউনিয়নের তিনটি ওয়ার্ডের তিন দিকেই কীর্তনখোলা নদী। বর্তমানে ভাঙন তীব্র হওয়ায় চরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এবং বরিশালের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কটি হুমকির মুখে পড়েছে। আমরা চাই পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে চরবাড়িয়াসহ বরিশাল শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হোক।’
এ ব্যাপারে পাউবো বরিশালের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন আহমেদ বলেন, সদর উপজেলার চরবাড়িয়ার আড়াই কিলোমিটার এলাকায় কীর্তনখোলার ভাঙন প্রতিরোধে গত বছর ২২ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়। জলবায়ু ট্রাস্টের অধীনে ওই প্রকল্প এখনো বাস্তবায়িত হয়নি। ওই প্রকল্প অনুমোদিত হলেই ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে।