কীর্তনখোলার ভাঙনে বাড়ি ও জমি বিলীন, নিখোঁজ ৩

বরিশালের চরবাড়িয়া এলাকায় কীর্তনখোলা নদীর ভাঙনে গত শনিবার রাতে বিলীন হয়ে গেছে কয়েকটি বসতবাড়ি ও ফসলি জমি। ভাঙন থেকে বসতঘর রক্ষা করতে গিয়ে নদীতে পড়ে তিনজন নিখোঁজ হয়েছেন। কীর্তনখোলায় গত কয়েক দিনের ভাঙনে প্রায় ৬০টি পরিবার বসতবাড়ি হারিয়েছে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন সেলিম সরদার (৩৮), হোসেন আলী হাওলাদার (২৭) ও মোস্তফা সিকদার (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১০টার দিকে সদর উপজেলার চরবাড়িয়া এলাকায় কীর্তনখোলা নদীতে তিনটি বাড়ি, ফসলি জমি ও গাছপালা বিলীন হয়ে যায়। এ সময় ১০টি বসতঘর দ্রুত সরিয়ে নেওয়া হয়।
গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, ভাঙনের আশঙ্কায় নদী থেকে দূরে থাকা বসতঘর সরিয়ে নিচ্ছেন পরিবারের সদস্যরা। কেউ গাছপালা কাটছেন, কেউ বা ঘরের টিন ও কাঠ সরিয়ে নিচ্ছেন। কয়েকজন বসতভিটার সামনে বসে বিলাপ করছেন।
নিখোঁজ মোস্তফা সিকদারের ভাবি মমতাজ বেগম বলেন, মোস্তফা ঘর রক্ষায় কাজ করছিলেন। ভাঙনে কখন নদীতে পড়ে গেছেন, তা তাঁরা বলতে পারছেন না। এর পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।
সেকান্দার আলী সরদার নামের এক বাসিন্দা বলেন, রাতে বিকট শব্দে লোকজনের ঘুম ভেঙে যায়। বের হয়ে বসতঘরের সামনের গাছপালা দেবে যেতে দেখেন। পরে তড়িঘড়ি ঘর থেকে বের হয়ে প্রাণে বেঁচেছেন। ক্ষতিগ্রস্ত ওয়াহিদুল ইসলাম জানান, শনিবার রাতের ভাঙন থেকে নিজেদের ঘর রক্ষা করতে গিয়ে ২৫-৩০ জন নদীতে পড়ে যান। তাঁদের অধিকাংশ সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ রয়েছেন।
গতকাল ভাঙন এলাকা পরিদর্শনে যান উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান, জেলা প্রশাসক মো. শহীদুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রউফ। এদিকে শনিবার দিবাগত রাতেই বরিশালের ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারকাজে নামে।
জেলা প্রশাসক শহীদুল আলম বলেন, ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।