কীর্তনখোলার ভাঙনে বিচ্ছিন্ন ৩ গ্রাম

চার দশক আগে কীর্তনখোলা ও আড়িয়াল খাঁর সংযোগস্থলে বাঁধ (ক্লোজার) নির্মাণ করে বরিশাল সদরের চরবাড়িয়া ইউনিয়নের তিনটি গ্রামকে সরাসরি সড়ক যোগাযোগের আওতায় আনা হয়েছিল। কিন্তু কীর্তনখোলার ভাঙনে বিলীন হয়ে গেছে সেই বাঁধ। এখন কীর্তনখোলা-আড়িয়াল খাঁ একাকার। আবার বিচ্ছিন্ন হয়ে পড়েছে চরবাড়িয়া, দক্ষিণ লামছড়ি ও উত্তর লামছড়ি গ্রামের অন্তত ২০ হাজার মানুষ।
বরিশাল নগর থেকে সাত কিলোমিটার উত্তরে কীর্তনখোলা নদীর তীরে চরবাড়িয়া ইউনিয়ন। ইউনিয়নটিকে ভাগ করেছে আড়িয়াল খাঁ নদ। এর দক্ষিণ প্রান্তে তালতলী ও চরবাড়িয়া গ্রাম আর উত্তর প্রান্তে দক্ষিণ ও উত্তর লামছড়ি। এলাকার বাসিন্দারা জানান, ১৯৭৪ সালে চরবাড়িয়া ও লামছড়ি গ্রামের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপন করতে কীর্তনখোলা ও আড়িয়াল খাঁর সংযোগস্থলে বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। এতে নদী দুটি বিচ্ছিন্ন হয়ে যায়।
কয়েক বছর ধরে আমানতগঞ্জ থেকে চরবাড়িয়া হয়ে লামছড়ি পর্যন্ত অন্তত ১৫ কিলোমিটার এলাকা ভাঙনের কবলে পড়ে। এবার বর্ষা মৌসুমের শুরুতে কীর্তনখোলার ভাঙন তীব্র হয়। এক মাস আগে জোয়ারের তোড়ে বাঁধ ভেঙে বিলীন হয়ে যায়। ফলে এখানকার তিনটি গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গ্রামগুলোর মানুষের যাতায়াতের ভরসা ইঞ্জিনচালিত খেয়া।
১৮ আগস্ট সরেজমিনে দেখা যায়, প্রায় ৮০০ মিটার বাঁধ ভেঙে কীর্তনখোলা ও আড়িয়াল খাঁ এক হয়ে গেছে। ভাঙন বিস্তৃত হয়ে দক্ষিণে বরিশাল নগরের আমানতগঞ্জ থেকে বেলতলা হয়ে লামছড়ি পর্যন্ত ঠেকেছে। গৃহহারা অন্তত ৫০টি পরিবার বরিশাল-চরবাড়িয়া সড়কের পাশে ঠাঁই নিয়েছে। ভাঙাচোরা টিন, কাঠ, বাঁশ দিয়ে তোলা খুপরিগুলোতে মানবেতর দিন কাটাচ্ছে এসব পরিবারের কয়েক শ মানুষ।
সড়কের পাশে আশ্রয় নিয়েছেন দিনমজুর সরোয়ার হোসেন। স্ত্রী, দুই ছেলেমেয়ে নিয়ে তিনি একটি খুপরিতে বাস করছেন। তিনি বলেন, ‘এই নিয়া সাতবার আমার ঘর গাঙ্গে গ্যাছে। এহন এইহানে আইয়্যা ঠেকছি। কিন্তু এইহানে ভাঙন ধাইয়্যা আইতে লাগছে। এরপর যামু কই, কইতে পারি না?’
পাশের খুপরি মোফাজ্জল মিয়ার। তিন ছেলেমেয়ে, স্ত্রী নিয়ে পাঁচজনের সংসার তাঁর। তিনি বলেন, ‘ঘর না থাকলে মানুষ কাম করবে, হেই শক্তিও থাহে না। দিনমজুরের কাম কইর্যায় যা আয় করি, হেইয়্যা দিয়া সংসার চলে না। মোগো তো যাওনের জাগা নাই।’ তাঁর স্ত্রী হেমালা বেগম বলেন, ‘ধাবার-বইন্না ছাড়লে ও পানি বাড়লে ঘরে থাকতে পারি না। রাইতে ঘুম অয় না। মোরা যামু কই?’
লামছড়ি গ্রামের বাসিন্দা ও ভাঙন রক্ষা কমিটির সদস্যসচিব আইউব হোসেন বলেন, ‘ভাঙনের হাত থেকে রক্ষা পেতে বেশ কয়েকবার মানববন্ধন করেছি। কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরেছি। কিন্তু কোনো ফল হয়নি। এবারের ভাঙনে দুই নদীর মধ্যকার বাঁধটিও বিলীন হয়ে যাওয়ায় আমরা যোগাযোগবিচ্ছিন্ন। এখন লামছড়ি একটি বিচ্ছিন্ন দ্বীপ।’
এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরিশাল অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রমজান আলী প্রামাণিক প্রথম আলোকে বলেন, ‘চরবাড়িয়া, লামছড়ি ও আশপাশের এলাকা সুরক্ষায় ১৯১ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু কিছু ত্রুটির কারণে সেটি ফেরত এসেছে। ত্রুটি সংশোধন করে পুনরায় প্রস্তাবটি পাঠানো হবে। এই প্রকল্পের আওতায় বেলতলা, চরবাড়িয়া, লামছড়ি পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার নদীর পাড় বাঁধাই, বালুর বস্তা ফেলাসহ নানা কাজ অন্তর্ভুক্ত রয়েছে।’