কীর্তনখোলার ভাঙনে ২০ প্রতিষ্ঠান বিলীন
বরিশালের কীর্তনখোলা নদীর আকসিঞ্চক ভাঙনে বিলীন হয়ে গেছে ফেরিঘাট, মাদ্রাসার অংশসহ ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান। বরিশাল-ভোলা ফেরিঘাট গ্যাংওয়ের পাশের সড়ক দেবে যাওয়ায় গত রোববার পর্যন্ত সড়ক যোগাযোগ বন্ধ ছিল।শনিবার রাত সাড়ে ১০টায় কীর্তনখোলা নদীর চরকাউয়া ফেরিঘাট এলাকার ভাঙনে হুমকির মুখে রয়েছে চরকাউয়া ইউনিয়ন পরিষদ, মাদ্রাসা, মসজিদ, অর্ধশতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান।প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল চারটার দিকে চরকাউয়া ফেরিঘাট এলাকার একটি বড় অংশজুড়ে ফাটল দেখা দেয়। রাত সাড়ে দশটার পর থেকে দেবে যেতে থাকে ফাটল হওয়া এলাকা। মাত্র এক ঘণ্টার মধ্যে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান কীর্তনখোলায় তলিয়ে যায়। রাত দুইটার দিকে আরেক দফা ভাঙন শুরু হলে আরও আটটি দোকান ও বাজারসংলগ্ন চরকাউয়া ফাজিল মাদ্রাসার একটি অংশ বিলীন হয়ে যায়।এদিকে রোববার ভোর রাতে বরিশাল নগরের সঙ্গে ভোলা-লক্ষ্মীপুর সড়কের কীর্তনখোলা ফেরির গ্যাংওয়ে দেবে যাওয়ায় ফেরি ও পন্টুন সরিয়ে নেয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এ কারণে বরিশালের সঙ্গে ভোলা ও লক্ষ্মীপুরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। জরুরি ভিত্তিতে কাজ করে গতকাল সোমবার থেকে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়।চরকাউয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি, সঞ্চারকলিপি দিয়েও কোনো সুফল পাওয়া যায়নি। ভয়াবহ ভাঙনের জন্য তিনি পাউবোকে দায়ী করেছেন।সওজ ফেরি বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আওলাদ আলী গতকাল প্রথম আলোকে জানান, ফেরির গ্যাংওয়ে ও সংযোগ সড়ক নদীভাঙনে বিলীন হওয়ায় দ্রুত ঘাট সরিয়ে নিতে হয়েছে। এ কারণে ফেরি চলাচল বন্ধ ছিল। সওজের কর্মীরা রোববার রাতে পন্টুন পুনঃস্থাপন করে দেওয়ায় গতকাল থেকে যান চলাচল স্বাভাবিক হয়। তিনি জানান, পাউবো থেকে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ওই অঞ্চলে এখনো ফাটল রয়েছে। যেকোনো মুহূর্তে ফেরিসংলগ্ন এলাকা বিলীন হয়ে যেতে পারে। মোটকথা, হুমকির মুখে রয়েছে বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর সড়কের গুরুত্বপূর্ণ এই ফেরি।পাউবোর নির্বাহী প্রকৌশলী হারুন অর রশীদ জানান, ভাঙনের ভয়াবহতা ও ঘটনাস্থল পরিদর্শন শেষে জরুরি ভিত্তিতে ২০ লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। ঠিকাদার নিয়োগের পর কাজ শুরু হবে। জরুরি ভিত্তিতে কাজ হলেও পরে স্থায়ীভাবে একটি প্রকল্প গ্রহণ করা হবে।