কীর্তনখোলার ভাঙনে ২৫টি দোকান বিলীন
বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরকাউয়া খেয়াঘাটের বিশাল এলাকা কীর্তনখোলা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনে খেয়াঘাটের পাশে থাকা ২৫টি দোকান মুহূর্তে বিলীন হয়ে যায়। হুমকির মুখে রয়েছে ইউনিয়ন পরিষদ কার্যালয় ভবন ও মাদ্রাসা। গত রোববার গভীর রাতে চরকাউয়া খেয়াঘাটে আকস্মিক ওই ভাঙন দেখা দেয়।
এলাকাবাসীর অভিযোগ, নগরের পূর্ব প্রান্ত সদর উপজেলার চরকাউয়া এলাকা প্রতিবছরই ভাঙছে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জিও ব্যাগ কাজে আসছে না। বেশ কয়েক বছর আগে ব্লক ফেলা হয়েছিল। সেগুলোও নদীর¯স্রোতে বিলীন হয়ে গেছে। দুই বছর আগে কিছু জিও ব্যাগ ফেলে পাউবো। কিন্তু স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। তাই প্রতিবছরই ওই এলাকা ভেঙে যাচ্ছে।
চরকাউয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম জানিয়েছেন, চরকাউয়া আহম্মেদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার একাংশ হারিয়ে যায় নদীগর্ভে। এ ছাড়া চরকাউয়া খেয়াঘাট বাজারের ২৫টির মতো মুদি ও ইলেকট্রনিকস সামগ্রীর দোকানও নদীতে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে আছে চরকাউয়া ইউনিয়ন পরিষদ ও পুরো মাদ্রাসা। ইউনিয়ন পরিষদের লোকজন কাগজপত্রসহ মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখতেই হিমশিম খাচ্ছেন। এ অবস্থায় নদীভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধান প্রয়োজন।
এ ব্যাপারে পাউবো বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ প্রথম আলোকে বলেন, চরকাউয়া ইউনিয়নের খেয়াঘাট এলাকায় কীর্তনখোলা নদীর এক কিলোমিটার ভাঙন প্রতিরোধে একটি প্রস্তাব ঢাকায় পাঠানো হয়েছে। সেটি অনুমোদনের অপেক্ষায় আছে। এ ছাড়া চরকাউয়া এলাকার ভাঙনরোধে আপৎকালীন ব্যবস্থা হিসেবে এক বছর আগে জিও ব্যাগ ফেলা হয়েছিল। গতকাল সোমবার ওই এলাকার ভাঙন পরিদর্শন করা হয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। দ্রুত আপৎকালীন ব্যবস্থা নেওয়ার জন্য অনুমতি চাওয়া হয়েছে।
এদিকে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত চরকাউয়া খেয়াঘাট পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছেন বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।