কীর্তনখোলায় তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, দগ্ধ ৪
বরিশাল নগরের চাঁদমারি খেয়াঘাট এলাকায় কীর্তনখোলা নদীতে একটি তেলবাহী ট্যাংকারের ইঞ্জিন রুমে বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। আজ শনিবার রাত পৌনে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন, মো. হুমায়ুন কবির (৫০), শহিদুল (৪৮), আবু সুফিয়ান (২৪) ও নাজমুল হক (৫০)। আবু সুফিয়ান ছাড়া বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
বরিশাল মেডিকেল হাসপাতালের হাসপাতালের বার্ন ইউনিটের রেজিস্ট্রার জানান, আশঙ্কাজনক তিনজনের মধ্যে দুজনের শ্বাসনালি গুরুতর দগ্ধ হয়েছে। এ ছাড়া একজনে মাথাও দগ্ধ হয়েছে। ওই তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলা হয়েছে।
এমটি অ্যাঙ্কর এজ নামের ওই ট্যাংকারের পাচক সানাউল্লা জানান, গত ১৫ ফেব্রুয়ারি ট্যাংকারটি নয় লাখ লিটারের বেশি পেট্রল ও অকটেন নিয়ে বরিশালের যমুনা অয়েল কোম্পানি ডিপোর উদ্দেশ্যে ছেড়ে আসে। আজ ট্যাংকারটি বরিশালের পৌঁছার পর তেল আনলোড করার প্রস্তুতি নেওয়ার কিছু আগে ট্যাংকারটির ইঞ্জিনে আগুন ধরে যায়।
বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক ফারুক হোসেন জানান, দগ্ধ চারজনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী জাহাজের মাধ্যমে তেলবাহী ট্যাংকারটি টেনে তীরে আনা হয়েছে।