কীর্তনখোলায় পিএস লেপচা বিকল যাত্রীদের দুর্ভোগ
বিআইডব্লিউটিসির একটি স্টিমার বৃহস্পতিবার রাতে ঢাকা যাওয়ার পথে বরিশালের চরমোনাই এলাকায় কীর্তনখোলা নদীতে বিকল হয়ে পড়ে। এটি গতকাল শুক্রবার রাত নয়টা পর্যন্ত মেরামত করা সম্ভব হয়নি। তবে আটকে পড়া যাত্রীদের বিকল্প ব্যবস্থায় তাদের গন্তব্যের উদ্দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।বরিশাল নৌবন্দর ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিআইডব্লিউটিসির জাহাজ পিএস লেপচা প্রায় ৮০০ যাত্রী নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় ঢাকার উদ্দেশে বরিশাল নৌবন্দর ছেড়ে যায়। রাত নয়টার দিকে এটি কীর্তনখোলার চরমোনাই এলাকায় পৌঁছালে ইঞ্জিনের বেয়ারিং ভেঙে যায় এবং এটি বিকল হয়ে পড়ে। এরপর মেরামতের চেষ্টা চালায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। কিন্তু তারা রাত ১২টা পর্যন্ত চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে জাহাজ কর্তৃপক্ষ যাত্রীদের বিআইডব্লিটিসির সি-ট্রাক খিজির-৭-এর মাধ্যমে বরিশালে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। আর জরুরি কাজে ঢাকার উদ্দেশে রওনা হওয়া অন্য যাত্রীদের যুবরাজ নামের একটি লঞ্চে উঠিয়ে দেন।জানতে চাইলে বিআইডব্লিউটিসি বরিশালের উপপরিচালক গোপাল চন্দ্র মজুমদার গতকাল রাতে প্রথম আলোকে বলেন, পিএস লেপচা এখন পর্যন্ত মেরামত করা সম্ভব হয়নি। ঢাকা থেকে টেকনিশিয়ান কাল (আজ শনিবার) ঘটনাস্থলে আসবে। তাঁরা নতুন বেয়ারিং স্থাপন করে স্টিমারটি সচল করবেন। তিনি জানান, বরিশালে আটকে পড়া যাত্রীদের গতকাল বিআইডব্লিউটিসির অপর একটি জাহাজ পিএস মাসুদে তুলে দেওয়া হয়েছে।