কীর্তিনাশা তীরের বালু বিক্রি ঝুঁকিতে সেতু
কীর্তিনাশা নদীর তীর থেকে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই বালু কাটার ফলে ঝুঁকিতে পড়েছে শরীয়তপুর সদর উপজেলার রাজগঞ্জ সেতুটি।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, অপরিকল্পিতভাবে রাজগঞ্জ সেতুর পিলারের কাছাকাছি থেকে বালু কাটার কারণে ঝুঁকিতে রয়েছে সেতুটি। স্থানীয় বালু ব্যবসায়ী ইলিয়াস মকদম ও বিল্লাল মকদম বালু কেটে শহরের বিভিন্ন স্থানে বিক্রি করছেন। প্রতিদিন ওই স্থান থেকে ২৫ থেকে ৩০ ট্রাক বালু কাটা হয়। প্রতি ট্রাক বালু এক হাজার ৫০০ থেকে এক হাজার ৮০০ টাকায় বিক্রি করা হয়। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বালু কাটা শুরু হয়েছে। তবে বিল্লাল মকদম বলেন, ‘নদীর তীরে আমাদের জায়গা রয়েছে। পাশের কিছু জায়গা ভাড়া নিয়ে বালুর ব্যবসা করছি। বর্ষায় আবার এ জায়গা ভরাট হয়ে যাবে। বালু কাটার কারণে সেতুর কোনো ক্ষতি হবে না।’ শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ফেরদৌস জানান, সেতুর নিচ থেকে বালু কাটার কোনো অভিযোগ পাইনি। এর পরও তহশিলদার ও সহকারী কমিশনারকে (ভূমি) পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে।