কীর্তিনাশার পাড় থেকে বিনা অনুমতিতে বালু উত্তোলন
শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের তিন গ্রামে কীর্তিনাশা নদীর পাড় থেকে বিনা অনুমতিতে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীভাঙনের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। স্থানীয় প্রভাবশালীরা দাবি করেছেন, নদীপাড়ের যে অংশ থেকে বালু তোলা হচ্ছে, সেটা তাদের নিজেদের জমি। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত নভেম্বর থেকে ডোমসার ইউনিয়নের খিলগাঁও, তেঁতুলিয়া ও ডোমসার গ্রামে কীর্তিনাশার পাড় কেটে বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলিত বালু শরীয়তপুর শহরের বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। মোতালেব খান, মোমিন খান, মান্নান চৌকিদার, মোসলেম বেপারী, একিম আলী খান, রিপন বেপারী ও ইকবাল মিয়া প্রতিদিন দুই শতাধিক শ্রমিক দিয়ে বালু উত্তোলন করছেন। এ তিন গ্রামের ১০টি স্থান থেকে বালু তোলা হচ্ছে। প্রতি ট্রাকে ২০০ ফুট বালু ধরে। প্রতি ট্রাক বালু বিক্রি হয় এক হাজার থেকে এক হাজার ২০০ টাকায়। এভাবে প্রতিদিন ১০০-১৫০ ট্রাক বালু উত্তোলন করা হয়। শুষ্ক মৌসুমে পাঁচ-ছয় মাস পর্যন্ত বালু তোলা হবে। বালু বিক্রেতা মোসলেম বেপারী বলেন, ‘কীর্তিনাশা নদীর পাড়ে আমার নিজের জায়গা থেকে বালু উত্তোলন করে বিক্রি করছি। নিজের জায়গা হওয়ায় স্থানীয় প্রশাসন থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি।’ ইকবাল মিয়া বলেন, ‘নদী পাড়ের জায়গা আমাদের নামে রেকর্ড আছে। প্রতিবছর বর্ষা মৌসুমে নদীতে জোয়ারে বালু ভর্তি হয়ে যায়। তাই এখান থেকে বালু তুললে কোনো অসুবিধা হয় না।’ বালু বিক্রেতা মান্নান চৌকিদার ও একিম আলী খান দাবি করেন, নদীপাড়ের জায়গা তাঁদের না। তবে অন্যের জায়গা ইজারা নিয়ে সেখান থেকে বালু তুলছেন তাঁরা। খিলগাঁও গ্রামের বাসিন্দা মোকতার হোসেন বলেন, নদী থেকে যেভাবে বালু তোলা হচ্ছে তাতে আগামী মৌসুমে এ গ্রামটি ভাঙনের মুখে পড়বে। শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল করিম জানান, ‘নদীর পাড়ে কোনো ব্যক্তির জায়গা থাকলেও বালু বা মাটি কাটতে হলে স্থানীয় প্রশাসনের অনুমতি লাগবে। কীর্তিনাশা থেকে বালু উত্তোলন করার কোনো অনুমতি আমরা দিইনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’