কীর্তিনাশায় বাঁধ দিয়ে বালু উত্তোলন, নৌ চলাচল বন্ধ
প্রবহমান কীর্তিনাশা নদীতে আড়াআড়ি বাঁশের বাঁধ দিয়ে অবৈধভাবে ড্রেজারে বালু তোলা হচ্ছে। এতে নদীপাড়ের সড়ক ও মুন্সীরহাট বাজারটি ভাঙনের কবলে পড়তে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছে। বাঁধের কারণে নদী দিয়ে নৌযান চলাচল বন্ধ রয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ডিসেম্বরের মাঝামাঝি নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের ব্যবসায়ী সাত্তার আকন ড্রেজারটি বসান। শরীয়তপুর সদর উপজেলার মুন্সীরহাটে নদীর পূর্ব পাড় থেকে বাঁশের বাঁধ দিয়ে ড্রেজারের পাইপ পশ্চিম পাড়ে নেওয়া হয়েছে। প্রতিদিন চার হাজার ঘনফুট বালু তোলা হয়। প্রতি ঘনফুট বালু দেড় টাকা দরে বিক্রি করা হচ্ছে। সদর উপজেলার সুজনদোয়াল গ্রামের বাসিন্দা কামরুজ্জামান (৩৫) জানান, এভাবে বাঁশের বাঁধ দিয়ে ড্রেজার লাগিয়ে বালু তোলার কারণে নদীপাড়ের সড়ক ও মুন্সীরহাট বাজারটি ভাঙনের কবলে পড়তে পারে। ট্রলারচালক সাখাওয়াত বলেন, ‘ভোজেশ্বর ইটভাটা থেকে ভাড়া ঠিক করেছি। এক মাস ধরে নদী দিয়ে ট্রলার চালাতে পারছি না। ট্রলার চালাতে না পেরে বাড়তি টাকা খরচ করে ট্রাকে ইট নিতে হচ্ছে।’ নৌকাচালক মিনহাজউদ্দিন বলেন, ‘আংগারিয়া, ভোজেশ্বরসহ বিভিন্ন জায়গায় পণ্য নিয়ে যাতায়াত করতাম। নদীতে বাঁধ থাকায় নৌকা চলাচল বন্ধ আছে। এখন একরকম বেকার বসে আছি।’ড্রেজারচালক সোহাগ জানান, নদীর পূর্ব পাড়ে বালুর পরিমাণ বেশি থাকায় এখানে ড্রেজার লাগানো হয়েছে। ড্রেজারের পাইপ বাঁশের বাঁধের ওপর দিয়ে নদীর পশ্চিম পাড়ে নেওয়া হয়েছে। এতে নৌচলাচলে একটু বিঘ্নতার সৃষ্টি হয়েছে। তা ছাড়া এ মৌসুমে নদী দিয়ে নৌযান কম চলাচল ক ের। ড্রেজারমালিক সাত্তার আকন প্রথম আলোকে বলেন, ‘নদী থেকে বালু তোলার জন্য সরকারি অনুমতি নেওয়া হয়নি। আমাদের কাছ থেকে যারা বালু কিনে নেয়, তারাই সব ঝামেলা মেটায়।’ শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল করিম বলেন, ‘কীর্তিনাশা নদীতে ড্রেজার চালানোর জন্য কেউ অনুমতি নেয়নি। এখানকার প্রভাবশালী একটি চক্র ড্রেজার দিয়ে বালু তুলে বিক্রি করছে বলে শুনেছি। স্থানীয়ভাবে ক্ষয়ক্ষতির কথা জানিয়ে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেব।’