কীর্তিপাশা জমিদার বাড়ির সম্পত্তি দখলের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির ঐতিহাসিক কীর্তিপাশা জমিদার বাড়ি, কীর্তিপাশা হাসপাতাল ও একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩৮ একর সম্পত্তি একটি প্রভাবশালী মহল দখলের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। জমিদার বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষার দাবিতে গতকাল বুধবার মানববন্ধন ও সংবাদ সমেঞ্চলন করেছেন স্থানীয় লোকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় স্থানীয় কয়েক শ মানুষ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। পরে বেলা ১১টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সমেঞ্চলন হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কীর্তিপাশা কমলিকন্দর নবীন চন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুলতান হোসেন খান। এতে কীর্তিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম মিয়া, সাবেক চেয়ারম্যান আ. শুক্কুর মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে সুলতান হোসেন বলেন, খান বাহাদুর হাসেম আলী খান কীর্তিপাশার জমিদার রুহিনী কুমার রায় গংদের জমির আমমোক্তারনামা পেয়ে ১৯৬৩ সালে ৩৮ একর ২২ শতাংশ জমি কীর্তিপাশা হাসপাতাল ও একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের নামে দানপত্র করে দেন। দানপত্র অনুযায়ী ওই সব জমি প্রতিষ্ঠানের নামে রেকর্ডও হয়। কিন্তু কীর্তিপাশা ইউনিয়নের শংকরধবল গ্রামের অদুদ হাওলাদার ও তাঁর তিন ছেলে আলম হাওলাদার, আনিস হাওলাদার ও মনির হাওলাদার ঝালকাঠির যুগ্ম জেলা জজ আদালতে ১৯৫২ সালের একটি ভুয়া চুক্তিনামা তৈরি করে ২০০৭ সালে মামলা করেন। মামলার বিষয়টি গোপন রেখে কৌশলে তাঁরা আদালত থেকে ডিক্রি করিয়ে নেন। সম্প্রতি ডিক্রিবলে ওই জমি নিজেদের নামে রেকর্ড করানোর চেষ্টা করলে বিষয়টি জানাজানি হয়। অবৈধভাবে দখলদারের হাত থেকে এই সম্পত্তি রক্ষার জন্য তাঁরা প্রশাসনের কাছে দাবি জানান।