কীর্তিমতীদের সম্মানিত করল স্কয়ার

সাংবাদিকতা, সমাজকল্যাণ ও ব্যবসায় অসামান্য অর্জনের জন্য স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কীর্তিমতী তিন নারীকে সম্মানিত করেছে। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে গতকাল শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন নারীকে রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০১৪ দেওয়া হয়।
রাজশাহীর সাংবাদিক লাকমিনা জেসমিন সামাজিক বৈষম্য, দুর্নীতি-সন্ত্রাস ও অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য, সিরাজগঞ্জের গ্রামে দরিদ্র মানুষের জন্য নিজ উদ্যোগে হাসপাতাল প্রতিষ্ঠার জন্য ফুলেআরা এবং বান্দরবানে স্ট্রবেরি চাষের মাধ্যমে আদিবাসীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য মাসিংনু মার্মা এই সম্মাননা পেয়েছেন। তাঁদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও চেক তুলে দেন দৈনিক ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, প্রিপ ট্রাস্টের জেন্ডার অ্যান্ড গভর্নেন্স বিভাগের পরিচালক শিরিন বানু, উইমেন এন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আউয়াল এবং স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র। কীর্তিমতীদের জীবনদর্শন অনেক নারীকে পথ দেখাবে বলে মন্তব্য করেন ‘স্কয়ারমাতা’ অনিতা চৌধুরী। স্বাগত বক্তব্য দেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। বিজ্ঞপ্তি।