কুঁড়েঘরে ঘুমাবেন রাজকন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলিমাটিতে ঢেকে দেওয়া হয়েছে গোটা বালুচর। লাগানো হয়েছে ঘাস, গড়ে তোলা হয়েছে ৩৫টি কুঁড়েঘর, সবজি ও ফুলের বাগান। যেন ছবির মতো ঝকঝকে, ছিমছাম ছোট্ট একটি গ্রাম। শণের চালা ও বাঁশের চাটাই দিয়ে তৈরি কুঁড়েঘরের ভেতরে বসানো হয়েছে অত্যাধুনিক কমোড। গোসলখানায় রয়েছে শাওয়ার, শোয়ারঘরে বাঁশের তৈরি বক্সখাট। বিদ্যুৎ সরবরাহের জন্য ২৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জেনারেটর বসানো হয়েছে। এতসব আয়োজন এক রাজকন্যার জন্য। থাইল্যান্ডের রাজকন্যা মাহা চাকরি সিরিনধর্ন আসবেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামে।থাই রাজকন্যার বহুদিনের ইচ্ছা চরাঞ্চলের কুঁড়েঘরে ঘুমাবেন। গোয়ালঘরে গাভীর দুধ সংগ্রহ করা দেখবেন। খেজুরপাতার পাটিতে বসে পিঠার স্বাদ নেবেন। বৈঠকখানায় বসে গাঁয়ের নারীদের গল্প শুনবেন। তাদের সুখ-দুঃখের কথা শুনবেন। সেই ইচ্ছে পূরণ করতেই ৩০ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে ১৫ ফেব্রুয়ারি পাঁচ দিনের বাংলাদেশ সফরে আসবেন তিনি। আর গাইবান্ধায় আসবেন ১৭ ফেব্রুয়ারি। থাকবেন দুই রাত।জানা গেছে, জীবিতা বাংলাদেশ নামে বেসরকারি একটি সংস্থার আমন্ত্রণে রাজকন্যা আসছেন। গাইবান্ধায় সংস্থাটির মাতৃ-শিশু স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক একাধিক গবেষণা প্রকল্প পরিদর্শন করবেন সিরিনধর্ন। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের স্বাস্থ্য উপদেষ্টা বোর্ডের তত্ত্বাবধানে গবেষণা প্রকল্পটি পরিচালিত হয়। সিরিনধর্ন হেলথ অ্যাডভাইজরি বোর্ডের অন্যতম সদস্য।রাজকন্যাকে বরণ করতে গাইবান্ধা শহর থেকে ১০ কিলোমিটার দূরে রসুলপুর গ্রামের বালুচরে দুই মাস আগে থেকেই কাজের ধুম পড়েছে। কৃষকদের কাছ থেকে প্রায় ৩০ বিঘা জমি এক বছরের জন্য ভাড়া নেওয়া হয়েছে। বিঘাপ্রতি ভাড়া দুই হাজার টাকা।এসব কুঁড়েঘরে দৃষ্টিনন্দন বাঁশের আসবাব তৈরি এবং গ্রামটিকে পরিকল্পিতভাবে সাজানোর দায়িত্ব পেয়েছে ঢাকার সিন অব সিন নামে একটি প্রতিষ্ঠান। ঢাকা, বরিশাল, পটুয়াখালীসহ বিভিন্ন এলাকা থেকে কুটিরশিল্পীদের এনে এসব কাজ করানো হয়েছে। সিন অব সিনের কর্মকর্তা রাসেল বিন রিপন বলেন, ঢাকা চারুকলা অনুষদের শিক্ষার্থীরা এই দায়িত্ব পালন করছেন। দূর থেকে কুঁড়েঘর মনে হলেও ভেতরে তিন তারকা হোটেলের সুযোগ-সুবিধা রাখা হয়েছে। খাবারের জন্য দক্ষ বাবুর্চি নিয়োগ করা হয়েছে। বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।রাজকন্যার আগমন নিয়ে গাইবান্ধার সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসি গ্রামের দিনমজুর কাশেম মিয়া (৪৫) বলেন, ‘হামার গাওয়োত আজার বেটি (রাজকন্যা) আসপ্যার কতা শুনব্যার নাগচি। তার জন্যে ম্যালা ট্যাকা খরোচ করি ঘরবাড়ি বানাচে।’এর আগে থাই রাজকন্যা একবার নেপালে গিয়েছিলেন। সেখানে নিরাপত্তাকর্মীদের অনুরোধ সত্ত্বেও সিরিনধর্ন ঝড়ের মধ্যে তাঁবুতে রাত কাটান। রাজা ভূমিবল ও রানি সিরিকিটের তৃতীয় সন্তান সিরিনধর্নের জন্ম ১৯৫৫ সালের ২ এপ্রিল ব্যাংককে। তিনি বিয়ে করেননি।জীবিতা বাংলাদেশ গাইবান্ধা কার্যালয়ের কর্মকর্তা আবদুল জোব্বার জানান, প্রকল্প পরিদর্শনের পাশাপাশি তিনি বাংলদেশের গ্রামীণ জীবন দেখবেন এবং মা ও শিশুদের সম্পর্কে জানবেন। এ ছাড়া রাজকন্যা অনেক দিন ধরে বাংলাদেশের গ্রামীণ জীবন দেখার এবং চরাঞ্চলে রাত্রী যাপনের ইচ্ছা প্রকাশ করে আসছিলেন। রাজকন্যার স্বপ্নপূরণে দাতা সংস্থা চরাঞ্চলে তাঁর রাত্রী যাপনের ব্যবস্থা করে। এরই মধ্যে প্রায় ৬০ লাখ টাকা খরচ হয়ে গেছে। এ সবই দাতা সংস্থা দিয়েছে।গাইবান্ধার জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, রাজকন্যার গাইবান্ধায় অবস্থানকালে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং প্রশাসনের একজন কর্মকর্তা সার্বিক তদারকির দায়িত্বে থাকবেন।