কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে সরকারকে গত ১৪ মাসে চার হাজার ২৬৫ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। এর মধ্যে ২০১০-১১ অর্থবছরে তিন হাজার ২৮ কোটি টাকা এবং ২০১১-১২ অর্থবছরের জুলাই-আগস্ট পর্যন্ত এক হাজার ২৩৭ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে।জাতীয় সংসদে গতকাল রোববার আশরাফউদ্দিনের লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক এ কথা বলেন। তিনি বলেন, বড় বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন সময়সাপেক্ষ বিধায় সরকার বিরাজমান সংকট মোকাবিলায় এ পথ বেছে নেয়। এই উদ্যোগের আওতায় ইতিমধ্যে অধিকাংশ বিদ্যুৎকেন্দ্র উৎপাদন শুরু করেছে। তিন থেকে পাঁচ বছর মেয়াদি এসব কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় যেসব বিদ্যুৎকেন্দ্র করা হচ্ছে সেগুলোতে খরচ কম হবে।সালমা ইসলামের প্রশ্নের জবাবে এনামুল হক বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশের গ্যাস খাতে কারিগরি সিস্টেমলস ব্যতীত অন্য কোনো সিস্টেমলস নেই। ফজলুল আজিমের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লে আমরাও দাম বাড়াব। দফায় দফায় বাড়াব না। এরই মধ্যে সরকারকে জ্বালানি তেল খাতে ১৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। এটা না করলে সরকার অন্য খাতে উন্নয়ন করতে পারত।’বজলুল হকের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, বরগুনা জেলার পাথরঘাটায় বলেশ্বর নদের তীরে জাহাজভাঙা শিল্প গড়ে তোলার সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।নীতিমালা প্রণয়নের কাজ চলছে: ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, বেসরকারি স্যাটেলাইট টিভি স্থাপন ও পরিচালনানীতি নামে একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে। বেসরকারি সম্প্রচার নীতিমালার চূড়ান্ত খসড়া প্রণয়নের আগে আগ্রহী বিভিন্ন পেশার মানুষকে সম্পৃক্ত করার সুযোগ নেই। খসড়া চূড়ান্ত হলে তা জনসম্মুখে প্রকাশ করা হবে এবং জনগণের মতামত নেওয়া হবে। তার আগে এ নিয়ে গণমাধ্যমে বিরূপ আলোচনার ভিত্তি নেই।সংসদে অনুপস্থিত বিএনপির সাংসদ এ বি এম আশরাফউদ্দিনের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যপ্রবাহের অবাধ চলাচল সুনিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন হয় এমন নীতি প্রণয়নের প্রশ্নই ওঠে না। তবে গণমাধ্যম যাতে ব্যক্তির অধিকার নিশ্চিত করে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফল ঘটাতে পারে, এ জন্য সম্প্রচার নীতিমালার প্রয়োজন রয়েছে। মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষের চাহিদার কথা বিবেচনা করে নতুন বেসরকারি চ্যানেল অনুমোদনের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। বর্তমানে ১৬টি বেসরকারি টেলিভিশন চ্যানেল চালু রয়েছে। পরীক্ষামূলকভাবে চলছে পাঁচটি, পরীক্ষামূলকভাবে সম্প্রচারের অপেক্ষায় রয়েছে দুটি।পাহাড়ে খনিজ সম্পদ অনুসন্ধান: অনুপস্থিত বিএনপিদলীয় সদস্য জাফরুল ইসলাম চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের পাহাড়ি এলাকায় খনিজ সম্পদ অনুসন্ধানের পরিকল্পনা করছে। পাহাড়ি এলাকায় খনিজ সম্পদ অনুসন্ধানের জন্য বাপেক্স কয়েকটি বিদেশি কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে। চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিনোপেক শেংলি লংউডস কনসোর্টিয়াম বাপেক্সের সঙ্গে যৌথ সহযোগিতার ভিত্তিতে পাহাড়ি এলাকায় চারটি ভূগঠনে তেল ও গ্যাস অনুসন্ধানের পরিকল্পনা হাতে নিয়েছে।