
মো. আনোয়ারের ঢাকার লালবাগে ছোট দোকান। স্ত্রী তামান্নাকে নিয়ে ছোট সংসার। ক্রিকেটপ্রেমী এই দম্পতি এক আত্মীয়র কাছে শুনে অংশ নিয়েছিলেন প্রথম আলোর চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেট কুইজে। লটারিতে আনোয়ার-তামান্না দম্পতির ভাগ্যে উঠে গেল গাড়ি আর ফ্রিজ!
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০১৭ উপলক্ষে প্রথম আলোর ছাপা সংস্করণে দুটি ও অনলাইন সংস্করণে একটি কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকার একটি হোটেলে পুরস্কার তুলে দেওয়া হয়।
চার পর্বের পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতাহার আলী খান, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া এবং ফিন্যান্স বিভাগের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
‘সনি-র্যাংগস-প্রথম আলো মেগা কুইজ’-এর পুরস্কার বিতরণ পর্বে চার বিজয়ীর হাতে গাড়ি, মোটরসাইকেল, ৪০ ইঞ্চি ও ৩২ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। কুইজের পৃষ্ঠপোষক র্যাংগস ইলেকট্রনিকসের বিপণন ও বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক তানভীর হোসেন, বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. জানে আলম, উপব্যবস্থাপক মোহায়মিনুল ইশাহাক, হুমায়রা ইসলাম, তাজনিন তামান্না প্রমুখ উপস্থিত ছিলেন।
‘অলিটালিয়া-প্রথম আলো কুইজ লড়াই’-এর বিজয়ীদের প্রথম, দ্বিতীয় ও মেগা—এই তিন ভাগে নির্বাচন করা হয়। প্রথম ও দ্বিতীয় ভাগের ৩২ জন বিজয়ীর হাতে টিভি, ফ্রিজ, এসিসহ নানা পুরস্কার তুলে দেওয়া হয়। মেগা পুরস্কার ছিল চারটি। এই পর্বে উপস্থিত ছিলেন অলিটালিয়া ব্র্যান্ডের এক্সপোর্ট এরিয়া ম্যানেজার সোফিয়া বাত্তিসতিনি। আরও ছিলেন বাংলাদেশে অলিটালিয়ার পণ্য বিতরণকারী প্রতিষ্ঠান ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব, ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের বিপণনপ্রধান জে এম তাসলিম কবির, ফেয়ার ফুড অ্যান্ড লাইফস্টাইলের ব্যবসায় প্রধান মারুফ মিজান।
প্রথম আলো আয়োজিত অনলাইন প্রতিযোগিতা ‘আমার বাংলাদেশ দল’-এ তিনজন বিজয়ীর হাতে মুঠোফোন তুলে দেন অতিথিরা।
এ ছাড়া ‘রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কার-২০১৬’-এর আয়োজনে প্রিয় খেলোয়াড় জিতিয়ে দিতে ভোটদাতা পাঠকদের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত ১০ জনের হাতে স্মার্টফোন পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।