কুকরি-মুকরিতে ব্যাহত স্বাস্থ্যসেবা
ভোলার কুকরি-মুকরি ইউনিয়ন পরিষদে দুটি কমিউনিটি ক্লিনিক এবং একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র থাকলেও স্বাস্থ্যসেবার বেহাল দশা। ইউনিয়নে স্বাস্থ্য বিভাগের ১৫টি পদের মধ্যে ছয়জন কর্মরত থাকলেও চারজন অধিকাংশ সময় অনুপস্থিত থাকেন বলে অভিযোগ উঠেছে।
ভোলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর থেকে জানা যায়, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে ১৫টি পদের মধ্যে একজন করে সহকারী সার্জন, পরিবারকল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি), উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো), আয়া ও পিয়নের পদ খালি। স্বাস্থ্য সহকারী ও পরিবারকল্যাণ সহকারীর (এফডব্লিউএ) তিনটি করে পদ থাকলেও একজন করে আছেন। এ ছাড়া কমিউনিটি ক্লিনিক হেলথ প্রোভাইডার (সিসিএইচপি) সকিনা বেগম মাতৃত্বকালীন ছুটিতে আছেন। পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) চরমানিকা ইউনিয়নের অতিরিক্ত দায়িত্বে আছেন।
কুকরি-মুকরি ইউনিয়ন পরিষদের তথ্য অনুযায়ী, এ ইউনিয়নে প্রায় ১০ হাজার লোকের বসবাস। ১৯ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের চরপাতিলা ও রসুলপুর গ্রামে রয়েছে দুটি কমিউনিটি ক্লিনিক। এর মধ্যে চরপাতিলার কমিউনিটি ক্লিনিক বন্ধ দেখা যায়। সিসিএইচপি সানাউল্যাহ, স্বাস্থ্য সহকারী ফরিদ উদ্দিন ও এফপিআই শহিদুল ইসলাম ওই দিন কুকরি-মুকরিতে ছিলেন না। এখানকার অনেকের অভিযোগ, ওই স্বাস্থ্যকর্মীরা মাসের পর মাস কাজ না করেই বেতন তুলছেন।
এফপিআই শহিদুল ইসলাম বলেন, ‘কুকরি-মুকরিতে লোকবল কম থাকায় সেখানে দায়িত্ব কম। তাই আমি চরমানিকাতে বেশি সময় দিই।’
জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হক জানান, এফপিআই শহিদুল ইসলাম দুটি ইউনিয়নের দায়িত্বে আছেন। তার পরও মাসে ১৫ দিন তাঁর কুকরি-মুকরি ইউনিয়নে দায়িত্ব পালন করার কথা। ইউনিয়নে এফডব্লিউভির পদটি শূন্য থাকায় ধাত্রীসেবা দেওয়া যাচ্ছে না।
ইউনিয়নের ১০ হাজার নারী-পুরুষ শিশুকে সেবা দিচ্ছেন এফডব্লিউএ সোনিয়া আক্তার ও ফার্মাসিস্ট আবদুর রহিম। এতে ব্যাহত হচ্ছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), জন্মনিয়ন্ত্রণ, মা ও শিশুর স্বাস্থ্যসেবা।
ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হাশেম হাওলাদার ও রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদশা মিয়া বলেন, ইউনিয়নে কোনো স্বাস্থ্য সহকারীকে দেখা যায় না। নেই পরিবার পরিকল্পনার কোনো কার্যক্রম।
ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন বলেন, ইউনিয়নে স্বাস্থ্যসেবার জন্য প্রয়োজনীয় অবকাঠামো থাকলেও ঝুঁকি নিয়ে ঘরেই সন্তান প্রসব হচ্ছে। মায়ের অবস্থা গুরুতর হলে ট্রলারে আড়াই ঘণ্টার নৌপথ পাড়ি দিয়ে চরফ্যাশন যেতে হচ্ছে। জেলা ও উপজেলার মাসিক উন্নয়ন সভায় একাধিকবার বলার পরও কুকরি-মুকরি ইউনিয়নে ঠিকমতো ইপিআই, জন্মনিয়ন্ত্রণ, পোলিও টিকা খাওয়ানোর কার্যক্রম ও স্বাস্থ্যসেবা সঠিকভাবে পালিত হচ্ছে না। কর্মরতদের কখনোই মাঠে পাওয়া যাচ্ছে না। ইউনিয়ন চেয়ারম্যানের হিসাব অনুযায়ী প্রতিবছর এ এলাকায় অন্তঃসত্ত্বা ও প্রসূতি মারা যান। গড়ে এর সংখ্যা দুই থেকে তিনজন।
ইউনিয়নের নয়টি ওয়ার্ড ঘুরে দেখা যায়, অনেক শিশু অপুষ্টি ও পানিবাহিত রোগে আক্রান্ত। চরপাতিলা গ্রামের রিপা (২০) বলেন, তাঁর প্রথম সন্তান মিনজু বাড়িতেই হয়েছে। মিনজুর বয়স এখন সাত মাস। তবে তাকে চিকিৎসাসেবা বা টিকা দেওয়ার জন্য গত দুই মাসে কোনো স্বাস্থ্য সহকারী আসেননি।
জেলা সিভিল সার্জন ফরিদ আহমেদ ও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ‘সব স্বাস্থ্যকর্মীকে স্থানীয় হতে হবে এবং এলাকায় থাকতে হবে। কিন্তু মাঝেমধ্যেই বাইরের লোক নিয়োগ হচ্ছে, আর ওরাই কাজে ফাঁকি দিচ্ছে। লোকবল সংকটে কুকরি-মুকরি ইউনিয়নে ইপিআই ও স্বাস্থ্যসেবায় ব্যাঘাত ঘটছে।’