কুকুর পেটানোয় আদালতে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম রামপুরার আশিষ লেন রাস্তায় একটি সাদা রঙের কুকুরকে শাবল দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে রাখা হয়। তখন রাস্তার পাশ দিয়ে যাওয়া এক ব্যক্তি কুকুরটির ছবি তুলে ফেসবুকে দেন। মুহূর্তের মধ্যে সামাজিক গণমাধ্যমে তা ছড়িয়ে পড়ে।
পশ্চিম রামপুরার আশিষ লেন রাস্তায় একটি সাদা রঙের কুকুরকে শাবল দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে রাখা হয়। তখন রাস্তার পাশ দিয়ে যাওয়া এক ব্যক্তি কুকুরটির ছবি তুলে ফেসবুকে দেন। মুহূর্তের মধ্যে সামাজিক গণমাধ্যমে তা ছড়িয়ে পড়ে।

কুকুরকে পেটানোর অভিযোগে তিন যুবকের নামে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। ঢাকার মহানগর হাকিম মোল্লা সাইফুল ইসলাম অভিযোগপত্রটি গ্রহণ করেছেন।
ওই তিন যুবক হলেন জনি (১৯), শোভন (১৮) ও ইমরান মৃধা (১৮)। ঘটনার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। পাঁচ দিন কারাভোগের পর গত ১৩ জুলাই তাঁরা জামিনে মুক্তি পান।
গত ৩ আগস্ট রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) জসীম উদ্দিন আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। একই সঙ্গে কুকুর পেটানোর ঘটনায় মেডিকেল প্রতিবেদন ও কুকরের আলোকচিত্র জমা দেওয়া হয়েছে। তবে অভিযোগপত্র জমা দেওয়ার বিষয়টি আজ রোববার জানা গেছে।
১৯২০ সালের জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতা আইনের ৪ ধারার এই অপরাধ আদালতে প্রমাণিত হলে তিন যুবককে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা দিতে হবে।
মামলার নথিতে দেখা যায়, গত ১৬ জুন সন্ধ্যার সময় পশ্চিম রামপুরার আশিষ লেন রাস্তায় একটি সাদা রঙের কুকুরকে শাবল দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে রাখা হয়। তখন রাস্তার পাশ দিয়ে যাওয়া এক ব্যক্তি কুকুরটির ছবি তুলে ফেসবুকে দেন। মুহূর্তের মধ্যে সামাজিক গণমাধ্যমে তা ছড়িয়ে পড়ে।

মৃতপ্রায় কুকরটির এমন ছবি দেখে এলাকায় খোঁজ খবর করে অভয়ারণ্য বাংলাদেশ প্রাণী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান রুবাইয়া আহমেদ রামপুরা থানায় একটি মামলা করেন। মামলায় আসামি হিসেবে ওই তিনজনের নাম উল্লেখ করা হয়। ঘটনার পর কুকুরটিকে পশু চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। বর্তমানে কুকুরটি প্রাণী কল্যাণ ফাউন্ডেশনের হেফাজতে সুস্থ আছে বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন চিকিৎসক মাহমুদুর রহমান।

অভিযোগপত্রে বলা হয়, তিন যুবক কুকুরটিকে শাবল জাতীয় জিনিস দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন। পরে গলায় ফাঁস লাগিয়ে তাঁরা কুকুরটিকে টেনে হিঁচড়ে একটি বিল্ডিংয়ের ভেতরে নিয়ে লাঠিপেটা করেন।

মামলার সাক্ষী রমজান আলী ১৬১ ধারার জবানবন্দিতে বলেছেন, ঘটনাস্থলের পাশে রিয়া মনি জেনারেল স্টোর নামে তাঁদের একটি দোকান রয়েছে। তিনি বলেছেন, তিনি জনি, শুভ ও ইমরানকে কুকুরটিকে পেটাতে দেখেছেন। রমজানের মতো বাদল মিয়া নামের আরেকজন সাক্ষীও বলেছেন, তিনি আসামিদের কুকরকে পেটাতে দেখেছেন।