কুকুর মারায় সাবেক সাংসদের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে একটি পোষা কুকুর নিধনের অভিযোগে একজন পৌর কর্মচারীর বিরুদ্ধে শুক্রবার রাতে থানায় মামলা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ পরিতোষ চক্রবর্তী ওই মামলা করেন।মামলার এজাহারে পরিতোষ চক্রবর্তী অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বদরগঞ্জ পৌরসভার বালুয়াভাটার বাসভবনের সামনে থেকে তাঁর পোষা কুকুরটি পৌরসভার পিয়ন নুর ইসলামের নেতৃত্বে অজ্ঞাত তিনজন ধরে মেরে ফেলে। কুকুরটির দাম প্রায় তিন হাজার টাকা। গলায় লাল ফিতা বাঁধা থাকার পরও পৌর কর্মচারীরা কুকুরটি মেরেছে। এ সময় পরিবারের লোকজন কুকুরটি মারতে নিষেধ করলেও তারা কর্ণপাত করেনি। এতে মর্মাহত হয়ে তিনি থানায় মামলা করেছেন।পৌরসভার মেয়র উত্তম কুমার সাহা বলেন, ‘পৌরসভায় বেওয়ারিশ কুকুর নিধন অভিযান চলছে। কুকুর পুষতে অনেক বিধি রয়েছে। এ ছাড়া পোষা কুকুরের জন্য পৌরসভা থেকে নিবন্ধন নিতে হয়। বদরগঞ্জ পৌরসভায় আজ পর্যন্ত কোনো ব্যক্তি পোষা কুকুরের নিবন্ধন নেননি। হয়রানি করার জন্যই ওই মামলা করা হয়েছে।’বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক আলী সরকার মামলা দায়ের করার কথা নিশ্চিত করেছেন।