কুকুর লেলিয়ে হিমাদ্রী হত্যা মামলার রায় ২৮ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার রায় ঘোষণা করা হবে ২৮ জুলাই। আজ শনিবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার এই দিন ধার্য করেন। একই সঙ্গে আদালত জামিনে থাকা এই মামলার দুই আসামির জামিন বাতিল করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন শাহ সেলিম টিপু ও শাহাদাত হোসেন।

সরকারি কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে বলেন, যুক্তিতর্ক উপস্থাপনের শুনানি শেষ হওয়ার পর শনিবার আদালত ২৮ জুলাই এই মামলার রায় ঘোষণার দিন ধার্য রাখেন। আলোচিত এই মামলার পাঁচ আসামির মধ্যে জামিনে থাকা দুই আসামি পলাতক হয়ে যেতে পারেন উল্লেখ করে তাঁদের জামিন বাতিলের আবেদন করা হয়। পরে আদালত জামিন বাতিল করে শাহ সেলিম টিপু ও শাহাদাত হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পর তাঁদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
সরকারি কৌঁসুলি বলেন, বাকি দুই আসামি টিপুর ছেলে জুনায়েদ আহমেদ ও জাহিদুর রহমান পলাতক রয়েছেন। কারাগারে আছেন মাহাবুব আলী খান। এই মামলায় ২১ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে।
২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রামের পাঁচলাইশের একটি ভবনের পাঁচতলার ছাদে নিয়ে হিমাদ্রীকে মারধরের পর তাঁর ওপর কুকুর লেলিয়ে দেওয়া হয়। পরে তাঁকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। ওই বছরের ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান এ-লেভেলের শিক্ষার্থী হিমাদ্রী। পরদিন হিমাদ্রীর মামা অসিত কুমার দে বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৩০ অক্টোবর পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি আদালত পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। ১৮ ফেব্রুয়ারি এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গত বছরের ১০ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।
হিমাদ্রীর বাবা প্রবীর মজুমদার আজ দুপুরে আদালত প্রাঙ্গণে প্রথম আলোকে বলেন, ‘মামলার প্রতিটি ধার্য দিনে আদালতে হাজির হয়েছি ছেলে হত্যার বিচার পাওয়ার প্রত্যাশায়। রায় ঘোষণার দিন ধার্য হওয়ায় সন্তষ্ট। আসামিদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। যাতে আর কোনো বাবাকে তাঁর ছেলে হারাতে না হয়।’
হিমাদ্রীর মা গোপা মজুমদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কোনো মা কখনো শোনেননি, কুকুর লেলিয়ে দিয়ে তাঁর সন্তানকে হত্যা করা হয়ছে। আমি একমাত্র হতভাগ্য মা, যার সন্তানকে এভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের যেন শাস্তি হয়।’