কুকুর হত্যার মামলায় জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথে একটি পোষা কুকুর অপহরণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আসান মিয়া (২০) নামে এক ব্যক্তি এখন জেলহাজতে। গত বৃহস্পতিবার থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আসান মিয়া উপজেলার রামপাশা গ্রামের নিজাম আলীর ছেলে।পুলিশ জানায়, গত ২২ জুন রামপাশা গ্রামের মনোয়ারা বেগম (৪৫) তাঁর একটি পোষা কুকুর অপহরণ ও হত্যার অভিযোগে থানায় মামলা করেন। মামলায় আসান মিয়া এবং অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করা হয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে আসান মিয়া থানায় এসে কুকুর হত্যার কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন। গ্রেপ্তারের পর শুক্রবার আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। আসান মিয়া জানান, ২২ জুন রাত ১০টায় বাড়ি ফেরার পথে তাঁকে কুকুরটি আক্রমণ করে। তখন তিনি আত্মরক্ষার জন্য কুকুরটিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। একপর্যায়ে কুকুরটি রাস্তার পাশে খালে পড়ে যায়। খালেই কুকুরটির মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে জেনে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন কুকুর অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামির থানায় এসে আত্মসমর্পণের কথা স্বীকার করেছেন।