কুকুরে কামড়ানো রোগী বাড়ছে, এখনো ঝাড়ফুঁকের চিকিৎসা!
চট্টগ্রাম নগরের এ কে খান এলাকার ইয়াছমিন বেগমকে (৪০) গত সোমবার সকালে একটি কুকুর কামড় দেয়। এরপর কী করবেন ভেবে পাচ্ছিলেন না। তিনি বলেন, ‘নানাজন নানা পরামর্শ দেন। কেউ কেউ ঝাড়ফুঁকও করতে বলেন। পরে একজন আমাকে এখানে পাঠালেন।’
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে গত মঙ্গলবার ইয়াছমিন বেগম এসব কথা জানান। তাঁকে জলাতঙ্ক রোগ প্রতিরোধক প্রথম টিকা দেওয়া হয়। তারপর ওই দিন বেলা ১১টা পর্যন্ত জেনারেল হাসপাতালে কুকুরে কামড়ানো রোগী এসেছে ১৬ জন।
ইদানীং কুকুরে কামড় দেওয়া রোগীর সংখ্যা অতীতের চেয়ে বেড়েছে বলে চিকিৎসকেরা জানান। কামড় দেওয়ার পর দ্রুত টিকা না নিলে জলাতঙ্ক রোগের ঝুঁকি থাকে।
চট্টগ্রামে কুকুরে কামড়ানো রোগীদের চিকিৎসা দেওয়া হয় জেনারেল হাসপাতালে। এর বাইরে কিছুদিন ধরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজেস (বিআইটিআইডি)-এ এসব রোগীর টিকা এবং চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুকুরে কামড়ানো রোগীর সংখ্যা বেড়েছে উল্লেখ করে জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক এস এম হানিফ বলেন, ‘এ সময়টাতে কুকুরের উৎপাত বাড়ে। কুকুরে কামড়ানো রোগীদের অনেকে এখনো সেভাবে সচেতন নন। অনেকে এখনো সনাতন পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন। এসব রোগী জলাতঙ্কের ঝুঁকিতে থাকেন।’
সরেজমিনে দেখা গেছে, প্রতিদিনই এখানে কুকুরে কামড়ানো রোগীরা ভিড় করছেন। এই সংখ্যা আগের তুলনায় বেশি। গত ৩১ আগস্ট এখানে এক দিনে ২২ জন রোগী আসেন। তার মধ্যে আটজনই রাঙ্গুনিয়া থেকে। একটি পাগলা কুকুর এই আট শিশুকে কামড় দেয় বলে জানা গেছে। এ ছাড়া ১ সেপ্টেম্বর রোগী আসে ২৫ জন।
আগস্ট মাসে হাসপাতালে কুকুরের কামড় নিয়ে নতুন রোগী আসে ১৬৫ জন। তার মধ্যে শিশু ৭৫ জন। জুলাই মাসে মোট রোগী ছিল ১৬৩ জন। জুন মাসে ছিল ১২২ জন।
সচেতনতার অভাব: বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী কুকুরে কামড় দেওয়া রোগীকে যত দ্রুত সম্ভব টিকার আওতায় আনা উচিত। এক মাসের মধ্যে চার ডোজে টিকা দেওয়া হয়। এতে জলাতঙ্ক রোগের ঝুঁকি থাকে না। কিন্তু অনেক রোগী বিষয়টিকে গুরুত্ব দেয় না বলে অভিযোগ রয়েছে।
গত মঙ্গলবার জেনারেল হাসপাতালে বাকলিয়া থেকে সৈয়দ আলী নামে একজন রোগী আসেন। সৈয়দ আলী জানান, মাস খানেক আগে তাঁকে কুকুরে একটি আঁচড় দেয়। এত দিন বিষয়টিকে পাত্তা দেননি। এখন তাঁর মনে হচ্ছে চিকিৎসা করানো উচিত।
জেনারেল হাসপাতালের জলাতঙ্ক প্রতিরোধ কর্মসূচির প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক নূরুল হায়দার বলেন, ‘এমন অনেক শিক্ষিত লোককেও দেখেছি ঝাড়ফুঁকে চিকিৎসা করছে। এ বিষয়ে আমাদের সচেতনতা বাড়াতে হবে। যত দ্রুত সম্ভব টিকা দেওয়া উচিত। কিন্তু অনেকে সেটা করেন না। আবার অনেকে এক-দুটি ডোজ দিয়ে আর আসেন না। এটা ভয়ংকর। একবার জলাতঙ্ক হলে মৃত্যু অনিবার্য।’
জানা গেছে, গত মে মাসে জলাতঙ্ক প্রতিরোধক টিকার সংকট দেখা দেয়। এখন রোগী বাড়লেও সংকট নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে বিআইটিআইডিতে এখনো জলাতঙ্ক প্রতিরোধক টিকার সরবরাহ নেই।
বিআইটিআইডির পরিচালক আবু তৈয়ব বলেন, ‘আমাদের এখানে সরকারিভাবে টিকা দেওয়া হয় না। আমরা এ জন্য লিখেছি। আগামী সপ্তাহ থেকে দেওয়া হবে বলে জানা গেছে।’