কুকুরের আতঙ্কে ঠাকুরগাঁওবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও শহরের হাটবাজার ও পাড়া-মহল্লায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব দেখা দিয়েছে। চলতি বছরের আগস্ট মাসে জেলা শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে ৩৫০ ব্যক্তি আহত হয়েছেন। এ নিয়ে শহরবাসী আতঙ্কের মধ্যে রয়েছেন।
শহরবাসী সূত্র জানায়, জেলা শহরের হলপাড়া, আদালত চত্বর, গোয়ালপাড়া, কলেজপাড়া, হাজিপাড়া, শান্তিনগর, নিশ্চিন্তপুর, সালন্দর, ঠাকুরগাঁও স্টেশনরোডসহ বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের উৎপাত সবচেয়ে বেশি।
গত বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, হলপাড়ার পুরোনো বলাকা সিনেমা হলের পেছনের সড়ক, আদালত চত্বর, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে এবং কালীবাড়ি বাজারের মাংসের দোকানের পাশে বেওয়ারিশ কুকুরের দল এদিক-ওদিক ঘুরছে। কুকুরের আতঙ্কে পথচারীরা নির্ভয়ে চলাচল করতে পারছে না।
কালীবাড়ি বাজারের মাংস ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, ‘মাংসের দোকানের সামনে সারাক্ষণ ১০-১২টি কুকুর আনাগোনা করে। যেকোনো সময় কামড়াতে পারে, এ আতঙ্কের মধ্যে আমাদের মাংস কেনাবেচা করতে হচ্ছে।’
হলপাড়ার বাসিন্দা ফেরদৌস আরা জানান, তাঁর ছেলেকে প্রতিদিন প্রাইভেট পড়াতে পুলিশ সুপারের কার্যালয়ের পূর্ব পাশের রাস্তা দিয়ে শিক্ষকের কাছে নিয়ে যান। ওই রাস্তায় সারা দিনই ১৫ থেকে ২০টি বেওয়ারিশ কুকুর ছোটাছুটি করে। গত সপ্তাহে সেখানে দুই ব্যক্তিকে কুকুর কামড়ে আহতও করেছে। এর পর থেকে কুকুরের ভয়ে তিনি ছেলেকে নিয়ে ওই রাস্তা এড়িয়ে চলেন। রিভারভিউ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রেজওয়ান আলম বলে, ‘স্কুলের সামনে প্রায়ই ১০-১২টি কুকুর ঘোরাঘুরি করে। স্কুলের দরজা থেকে বের হলেই চিৎকার করে। কুকুরের উৎপাতে স্কুল থেকে বের হতে ভয় লাগে।’
সদর উপজেলার সালন্দর এলাকার একটি ওষুধের দোকানের বিক্রেতা আবদুল আউয়াল বলেন, ‘গত মাসে আমার দোকানে নয়-দশজন কুকুরে কামড়ানো রোগী ইনজেকশন নিতে আসে। আমি তাদের হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছি।’
ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) শাখার সহকারী ভান্ডাররক্ষক হেলাল উদ্দীন জানান, গত আগস্ট মাসে সিভিল সার্জন কার্যালয়ের টিকা শাখা থেকে কুকুরের কামড়ে আহত ৩৫০ জনকে টিকা (ভ্যাকসিন) দেওয়া হয়েছে। এর মধ্যে শহরেই রয়েছেন ১৩০ জন।
ঠাকুরগাঁও পৌরসভার মেয়র এস এম এ মঈন বলেন, ‘সরকারি নির্দেশে বছর দু-এক ধরে পৌর এলাকায় কুকুর নিধন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। শহরের বেওয়ারিশ কুকুরের উপদ্রব আমারও নজরে পড়েছে। অনুমতি পেলে কুকুর নিধনের কার্যক্রম শুরু করা হবে।’
সিভিল সার্জন আফজাল হোসেন তরফদার বলেন, কুকুরের লালায় র্যাবিস ভাইরাসের জীবাণু থাকে বলে আহত ব্যক্তির জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। কুকুরে কামড়ানো ব্যক্তিকে এ রোগ প্রতিরোধের জন্য অ্যান্টির্যাবিস ভ্যাকসিন দেওয়া প্রয়োজন। হাসপাতালে জলাতঙ্ক রোগের প্রতিষেধকের পর্যাপ্ত মজুত রয়েছে।