কুকুরের কামড়ে আক্রান্ত রোগীর সেবা বন্ধ
কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা ৪ সেপ্টেম্বর থেকে বন্ধ করে দিয়েছে গাজীপুরের টঙ্গীতে ৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। সেবা না পেয়ে প্রতিদিন ১৫ থেকে ২০ জন করে রোগী হতাশ হয়ে হাসপাতাল থেকে ফিরে যাচ্ছেন।
হাসপাতালের নতুন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. গোলাম মোস্তফা মজুমদারের দাবি, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে জলাতঙ্কের প্রতিষেধক অ্যান্টি রেবিস ভ্যাকসিন (এআরভি) সরবরাহ বন্ধ করে দেওয়ায় তাঁরা ওই সেবা বন্ধ করে দিয়েছেন।
আরএমও প্রথম আলোকে বলেন, ‘আমার পক্ষে এটা চালানো সম্ভব নয়। থানা পর্যায়ে শুধু টঙ্গী সরকারি হাসপাতালেই এই সেবা দেওয়া হচ্ছে। সাধারণত জেলা সদর হাসপাতাল এআরভি দেয়। রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে সময়মতো এআরভি পাচ্ছি না। রোগীরা এসে বকাঝকা করেন। তাই এই সেবা বন্ধ করে দেওয়াই ভালো।’
সম্প্রতি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী মো. সোলায়মান বলেন, ‘এত দিন এহানে কুকুরের ইনজেকশন দিতেছে। নতুন ডাক্তার আইসে হঠাৎ করে ওষুধ না থাকার ছুতায় বন্ধ কইরা দিছে। ওষুধ না আনলে থাকব কেমনে? ইচ্ছা কইরাই হ্যা আনে না। এহন মহাখালী ছাড়া কোনো গতি নাই।’