কুকুরের কামড়ে শিশুসহ ১৭ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল শনিবার এক দিনেই কুকুরের কামড়ে শিশুসহ ১৭ জন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তবে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ কুকুরের কামড়ের চিকিৎসায় কোনো ভ্যাকসিন সরবরাহ করতে পারছে না।
আহত শিশু উম্মে সুমাইয়ার স্বজনেরা বলেন, বাড়ির উঠানে খেলা করার সময় কুকুর এসে শিশুটির হাতে কামড় দেয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। কিন্তু কোনো ভ্যাকসিন দেওয়া হয়নি। ভ্যাকসিন বাইরের ওষুধের দোকান থেকে কিনে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। তিনি অভিযোগ করে বলেন, সরকারি হাসপাতালে ভ্যাকসিন না থাকাটা দুঃখজনক। গরিব লোকদের পক্ষে এ দামি ভ্যাকসিন কেনা সম্ভব নয়।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিছবাহ উদ্দীন আহমদ কুকুরের কামড়ে ১৭ জনের চিকিৎসা নেওয়ার কথা স্বীকার করে বলেন, হাসপাতালে এখন সরকারিভাবে সরবরাহ করা কোনো ভ্যাকসিন নেই। তাই আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি বাইরের ওষুধের দোকান থেকে ভ্যাকসিন কিনে আনার পরামর্শ দেওয়া হয়েছে।