গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পাঁচটি গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে একটি কুকুরের কামড়ে শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে কুকুরটি মেরে ফেলেছেন।
এলাকাবাসী জানান, কুকুরটি প্রথমে কালিয়াকৈরের কুন্দাঘাটা গ্রামের এক শিশুসহ চারজনকে কামড়ায়। গ্রামবাসী কুকুরটিকে তাড়িয়ে দিলে পাশের বড়ইবাড়ি বাজার এলাকায় গিয়ে তিনজন পথচারীকে কামড় দেয়। সেখান থেকে কুকুরটি আশিরাবাড়ি এলাকায় কামড় দেয় পাঁচ শিশুকে। আশিরাবাড়ির লোকজন কুকুরটিকে ধাওয়া দিলে কালিয়াদহ গ্রামে গিয়ে তিন-চারজনকে কামড় দেয়। এরপর কুকুরটি যায় বাঁশতলী গ্রামে। ওই গ্রামের দুই শিশুসহ চারজনকে কামড়ায়। পরে বাঁশতলী গ্রামের লোকজন লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে কুকুরটিকে মেরে ফেলে।
আহত ব্যক্তিদের মধ্যে বড়ইবাড়ি এলাকার শাহাদত হোসেনকে (২০) ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদ বলেন, কুকুরের কামড়ে আক্রান্ত এ পর্যন্ত বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।