সাতকানিয়া উপজেলার বিভিন্ন হাটবাজার ও পাড়া-মহল্লায় বেওয়ারিশ কুকুরের উৎপাত ভয়াবহ মাত্রায় বেড়েছে। কখন বেওয়ারিশ কুকুর কামড় দেয় এ নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন হাট-বাজারের ক্রেতা-বিক্রেতাসহ এলাকাবাসী।
চিকিৎসাকেন্দ্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলায় গত চার মাসে অন্তত ১০০ জন নারী, পুরুষ ও শিশু আহত হয়েছেন বেওয়ারিশ কুকুরের কামড়ে। এ ছাড়া, আহত তিন জন জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁরা হলেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কামারের ভাঙা এলাকার মো. আবদুল মালেকের সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলে মো. ইয়াসিন আরাফাত (১২), মাদার্শা বণিকপাড়ার মৃত অরুণ ধরের ছেলে গুরা ধর (৫৫) ও চরতির মো. আবদুল খালেকের ছেলে মো. আবদুর বায়েছ (২৭)।
জানা গেছে, আহত লোকজন সরকারি হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা নিতে দেরি হওয়ায় অথবা পূর্ণাঙ্গ চিকিৎসা না নেওয়ায় আহতদের তিন জন জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা যান। কেরানীহাট শাহ আমানত হাসপাতালের তত্ত্বাবধায়ক নাজিম সালাম জানান, ওই হাসপাতালে গত চার মাসে কুকুরের কামড়ে আহত অন্তত ২৩ ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। উপজেলা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা জানান, কুকুরের কামড়ে আহত ৫৭ ব্যক্তি গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সরেজমিন জানা যায়, বেওয়ারিশ কুকুরের সবচেয়ে বেশি উৎপাত রয়েছে পৌর এলাকা, চরতি, মাদার্শা, কেঁওচিয়া ও সোনাকানিয়া ইউনিয়নে। পৌরসভার প্রধান কাঁচাবাজার দেওয়ান হাটের মুরগি ও মাংসের দোকানের পাশে দেখা যায় ১৪-১৫টি বেওয়ারিশ কুকুর ঘোরাফেরা করছে। ক্রেতারা মুরগি বা মাংস কিনে হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে একাধিক কুকুর ক্রেতাকে ঘিরে ধরে মাংসের থলে কেড়ে নেওয়ার জন্য। গরুর মাংসের ক্রেতা আবু সুফিয়ান বলেন, ‘মুরগি ও মাংসের দোকানে সারাক্ষণ ১০-১২ টি বেওয়ারিশ কুকুর হা করে থাকে। আতঙ্কের মধ্যেই আমাদের বাজার করতে হয়।’
সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান নূর আহমদ বলেন, গত কয়েক মাসে আমাদের ইউনিয়নে আট-১০ জন লোক কুকুরের কামড়ে আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচ জনকে আমি ব্যক্তিগতভাবে দু-তিন হাজার টাকা করে সাহায্য দিয়ে উপজেলা হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।’ পৌরসভার প্যানেল মেয়র মো. নওয়াব মিয়া বলেন, ‘আমরা তিন মাস আগে ঢাকা সিটি করপোরেশন থেকে একটি টিম এনে বাজার ও বিভিন্ন সড়ক থেকে প্রায় দেড়শ বেওয়ারিশ কুকুর নিধন করেছি। তবে নানা কারণে গ্রামের কুকুরগুলো নিধন করা সম্ভব হয়নি।’ উপজেলা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আবু তৈয়ব জানান, হাসপাতালে সরকারিভাবে কুকুরের কামড়ের কোনো ভ্যাকসিন (জলাতঙ্ক রোগের ইনজেকশন) সরবরাহ দেওয়া হয় না। তাই কুকুরের কামড়ে আহত ব্যক্তিদের বাইরের দোকান থেকে ভ্যাকসিন কিনে আনার মরামর্শ দেওয়া হয়।