কুকুরের কামড়ে তিন মাসে ৩৩৯ রোগী হাসপাতালে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে গত সোয়া তিন মাসে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে ৩৩৯ জন রোগী চিকিৎসা নিতে এসেছে। এর বাইরে এই সোয়া তিন মাসে বিড়াল, শেয়ালসহ অন্যান্য প্রাণীর আক্রমণে আহত রোগী এসেছে আরও ৮৫ জন। হাসপাতালটিতে বিনা মূল্যে জলাতঙ্কের প্রতিষেধক (ভ্যাকসিন) পাওয়া গেলেও ‘রেবিস ইমিউনোগ্লোবিউলিন’ নামের আরেকটি ওষুধের সরবরাহ না থাকায় রোগীদের এটি বাইরে থেকে কিনতে হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে দরিদ্র রোগীরা।

বিআইটিআইডি সূত্র জানায়, গত ১ জুন থেকে গতকাল ১০ সেপ্টেম্বর পর্যন্ত কুকুরসহ অন্যান্য প্রাণীর আক্রমণে আসা ৪২৪ রোগীর মধ্যে ৬৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা নিতে আসা সবাইকে চার ডোজে জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া হচ্ছে। এদের মধ্যে যারা কুকুরের কামড়ে গুরুতর আহত হয়েছে তাদের রেবিস ইমিউনোগ্লোবিউলিনও দিতে হচ্ছে। কামড়ে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নিতে হয়। দেরিতে চিকিৎসা নেওয়ায় গত দুই মাসে চারজন রোগীর জলাতঙ্ক হয়েছে।

সম্প্রতি হাসপাতালে গিয়ে দেখা যায়,  কুকুরের কামড়ে আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা বেশি।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদি ভিলেজারপাড়া থেকে চিকিৎসা নিতে আসা সাত বছর বয়সী আবিদ হোসাইনের মা মনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, কুকুর কামড় দেওয়ার পর ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছিলেন। ওখান থেকে এই হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আরেক শিশু মো. রিয়াদের মা বিবি রাবেয়া বলেন, তিনি নগরের সল্টগোলায় একটি পোশাক কারখানায় কাজ করেন। কয়েকদিন আগে বাসার কাছে একটি কুকুর তাঁর ছেলে‍কে কামড়ে ক্ষত করে ফেলে। এরপর ছেলেকে এই হাসপাতালে ভর্তি করান। ভ্যাকসিন হাসপাতাল থেকে পেলেও ৫০০ টাকা দিয়ে রেবিস ইমিউনোগ্লোবিউলিন বাইরে থেকে কিনতে হয়েছে।

হাসপাতালের সহকারী অধ্যাপক মো. মামুনুর রশীদ বলেন, জেলার বিভিন্ন উপজেলা হাসপাতালে কুকুর বা অন্য প্রাণীদের কামড়ে আক্রান্ত চিকিৎসা নিতে আসা রোগীদের বিআইটিআইডিতে পাঠানো হয়। রোগীরা জলাতঙ্কের প্রতিষেধক পাচ্ছে। কিন্তু হাসপাতালে গত এক বছর ধরে রেবিস ইমিউনোগ্লোবিউলিনের সরবরাহ না থাকায় রোগীদের ওষুধটি বাইরে থেকে কিনতে হচ্ছে। 

এ বিষয়ে বিআইটিআইডির পরিচালক অধ্যাপক এম এ হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ে রেবিস ইমিউনোগ্লোবিউলিনের চাহিদা দেওয়া হয়েছে। এবারের বাজেটে ওষুধটি থাকার সম্ভাবনা আছে।