কুকুরের কামড়ে মানিকগঞ্জে ৬৩ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ পৌরসভাসহ জেলার বিভিন্ন এলাকায় গতকাল শুক্রবার কুকুরের কামড়ে কমপক্ষে ৬৩ জন আহত হয়েছেন। তাঁদের মানিকগঞ্জ জেলা হাসপাতালে জলাতঙ্ক রোগের প্রতিষেধক দেওয়া হয়েছে।

জেলা হাসপাতাল, মানিকগঞ্জ পৌরসভা ও আক্রান্ত রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার বান্দুটিয়া, বেউথা, গঙ্গাধরপট্টি, সেওতা, জয়রা, মানরা; জেলা সদরের নতুন বসতি ও পেঁচারকান্দা; ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকাসহ আরও কয়েকটি এলাকার কমপক্ষে ৬৩ জন কুকুরের কামড়ে আহত হন। সকাল থেকে দুপুর পর্যন্ত এসব এলাকায় বেওয়ারিশ কুকুর মানুষের ওপর আক্রমণ চালায়।

জেলা হাসপাতালের আরএমও মো. লুৎফর রহমান জানান, গতকাল বেলা আড়াইটা পর্যন্ত কুকুরের কামড়ে আক্রান্ত ৬৩ জন রোগী হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে নারী-শিশুসহ বিভিন্ন বয়সের রোগী ছিলেন। তাঁদের জলাতঙ্কের প্রতিষেধক র‍্যাবিস দেওয়া হয়েছে। হাসপাতালে যথেষ্ট পরিমাণে এই প্রতিষেধকের মজুত আছে। তিনি জানান, কুকুরের কামড়ে আক্রান্ত রোগীর ক্ষতস্থান দ্রুত ক্ষারজাতীয় সাবান ও পানি দিয়ে বেশ কয়েকবার ধুতে হবে। এরপর নিকটস্থ সরকারি হাসপাতালগুলো থেকে জলাতঙ্কের প্রতিষেধক নিতে হবে। আক্রান্ত হওয়ার প্রথম, তৃতীয়, সপ্তম ও ২৮তম দিন—মোট চারবার রোগীকে এই প্রতিষেধক নিতে হবে।

মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা বলেন, বেওয়ারিশ কুকুর নিধনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। তবে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে মন্ত্রণালয়ের অনুমতি মিলছে না।