কুকুরের কামড়ে সাত দিনে ২০টি ছাগলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর পৌরসভার কাজীপাড়া মহল্লায় গত এক সপ্তাহে কুকুরের কামড়ে ২০টি ছাগলের মৃত্যু হয়েছে। এলাকাবাসী বিষয়টি মেয়রকে জানালেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ওই মহল্লার বাসিন্দারা এখন কুকুর-আতঙ্কে ভুগছেন। কাজীপাড়া মহল্লার বাসিন্দা সিরাজুল ও জোবেদা আব্বাস জানান, এক সপ্তাহের বেশি সময় ধরে চার-পাঁচটি বেওয়ারিশ কুকুর একসঙ্গে সন্ত্রাসী স্টাইলে এলাকায় ঘুরছে। ছাগল ধরে ধরে কামড়ে নাড়িভুঁড়ি বের করে মেরে ফেলছে। তাঁরা বলেন, এ পর্যন্ত মহল্লায় কুকুরের কামড়ে ২০টি বড় ছাগলে মৃত্যু হয়েছে।মহল্লার ছায়েরা খাতুন বলেন, ‘আমরা অভাবী মানুষ। সংসারে বাড়তি জোগান দিতে বাড়িতে অনেক কষ্টে ছাগল পালি। কিন্তু কুকুরের জন্য আতঙ্কে পড়েছি। মেয়রকে লিখিতভাবে জানানো হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’এলাবাসীর তথ্যানুযায়ী এ পর্যন্ত ওই মহল্লার জোবেদা খাতুনের তিনটি, সিরাজুলের তিনটি, রেজাউলের দুটি, রাবেয়া খাতুনের তিনটি, জোহরা আব্বাসের একটি, আওরঙ্গ কাজীর একটি, জোহরা বেগমের তিনটি, আরজুর একটি, নাহার বানুর একটিসহ ২০টি ছাগল বেওয়ারিশ কুকুরে মেরে ফেলেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, এসব ছাগলের গড় দাম প্রায় ৫৪ হাজার টাকা। এ ছাড়া মহল্লাবাসী শিশুদের নিয়ে ভয়ে আছে।যোগাযোগ করা হলে পৌরসভার মেয়র হাসাদুল ইসলাম বলেন, বিষয়টি খুব কঠিন। এর আগে ২৫০টি কুকুর মারা হয়েছিল। অভিযানের সময় কুকুর অন্য এলাকায় চলে যায়। ঈদের পর অভিযান চালানো হতে পারে বলে জানান তিনি।