কুকুরের কামড়ে ১১ জন আহত
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কয়েকটি গ্রামে গতকাল শুক্রবার একটি পাগলা কুকুরের কামড়ে ১১ জন নারী-পুরুষ আহত হয়েছেন। এর মধ্যে চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মানুষের পাশাপাশি কুকুরটির কামড়ে দুটি গরুও আহত হয়। পরে স্থানীয় লোকজন কুকুরটিকে মেরে ফেলেছে।
স্থানীয় লোকজন জানান, উপজেলার আলতাফনগর রেলস্টেশন এলাকায় গতকাল বেলা ১১টার দিকে প্রথমে ওই পাগলা কুকুরটি একজন নারীসহ তিনজনকে কামড়ে দেয়। এ সময় লোকজন কুকুরটিকে তাড়া করলে সেটি পাশের খানপুর, কইল ও বড়চাপড়া গ্রাম দিয়ে দৌড়ে পালানোর সময় শিশু, নারীসহ আটজনকে কামড়ায়। এ ছাড়া খানপুর গ্রামের কাদের প্রাংয়ের দুটি হালের গরুকেও কামড়ায় কুকুরটি। আহত ব্যক্তিদের মধ্যে সেকেন্দার, বিপ্লব, মোমেনা ও হাজেরা নামের চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মামুনুর রশিদ জানান, এখানে চিকিৎসা নিতে আসা চারজনকে প্রয়োজনীয় টিকা ও পরামর্শ দেওয়া হয়েছে।
ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুকুরের কামড়ে আহত ব্যক্তিদের মধ্যে চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকিরা বগুড়াসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। স্থানীয় লোকজন ওই পাগলা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে বলে চেয়ারম্যান জানান।