কুকুরের কামড়ে ২১ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত সোমবার সকাল থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২১ জন আহত হয়েছে।গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা ইসমত আলীর দুই বছরের নাতনি রোজাকে একটি কুকুর কামড়ে গুরুতর আহত করে। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। একই দিন কুকুরটি রাস্তার পাশে যাকে পেয়েছে তাকেই কামড়ে আহত করেছে। এভাবে কুকুরটি গত দুই দিনে অন্তত ২১ জনকে কামড়ে গুরুতর আহত করেছে। এ ছাড়া কুকুরটি ২৫-৩০টি গবাদিপশুকেও কামড়িয়েছে। এলাকার মানুষের মধ্যে কুকুর আতঙ্ক বিরাজ করছে।সরাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাখাওয়াত হোসেন গতকাল জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত কুকুরের কামড়ে আহত নয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুজিবুর রহমান জানান, গত দুই দিনে ২২টি প্রাণীকে কুকুরে কামড়ের টিকা দেওয়া হয়েছে। সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর প্রথম আলোকে বলেন, বেওয়ারিশ কুকুর দমনে শিগগিরই প্রচেষ্টা চালাব।