কুকুরের কামড়ের চিকিৎসা পানিপড়া স্কুলছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাল ইউনিয়নের বাবুর কাইচাল গ্রামে আদুরী আক্তার (১০) নামে এক শিশু জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। কুকুরে কামড়ানোর পর ডাক্তারের চিকিৎসা না দিয়ে তাকে পীরের পানি ও চিনিপড়া খাওয়ানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাবুর কাইচাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী আদুরীকে মাস দুয়েক আগে একটি পাগলা কুকুর কামড়ায়। তার বাবা আক্কাস মাতুব্বর তাকে ওই এলাকার কালা মাতুব্বরের বাড়িতে নিয়ে যান। সেখানে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে আসা আবদুর সালাম চিশতিয়া নামে এক পীর আদুরীকে পানি ও চিনিপড়া খাওয়ান। ওই পীর তাদের আশ্বাস দেন, এতেই আদুরী ভালো হয়ে যাবে, ডাক্তার দেখাতে হবে না। গত রোববার রাতে আদুরী অসুস্থ হয়ে পড়লে ঢাকায় নেওয়ার পথে রাত নয়টার দিকে গোয়ালন্দঘাট এলাকায় তার মৃত্যু হয়। আবদুর সালাম চিশতিয়া বলেন, ‘আমি সুস্থ করার জন্য পানিপড়া, চিনিপড়া দিই। কিন্তু কখনো চিকিৎসক দেখাতে বারণ করি না। এ ক্ষেত্রেও করিনি।’ আদুরীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম বলেন, আদুরী বৃহস্পতিবারও ক্লাস করেছে। তিনি জেনেছেন আদুরী পানি দেখলেই ভয় পেত। নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা সুনীল চক্রবর্তী বলেন, লক্ষণ শুনে মনে হচ্ছে, আদুরী জলাতঙ্কে আক্রান্ত হয়েছে। ঝাড়ফুঁক বা পানি-চিনিপড়া এ রোগের চিকিৎসা নয়। কুকুরে কামড়ালে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রতিষেধক ইনজেকশন দিতে হবে।